পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়ক বলেছেন, ‘স্বপ্ন বাস্তব হয়েছে’

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির শিরোপা জয়ের নায়ক দিজিরে দুয়ে। ইন্টার মিলানের বিপক্ষে শুরুতে সতীর্থের গোলে অবদান রেখে পরে জোড়া গোল করেছেন। বড় জয়ের মূল কারিগর পরে বলেছেন, একটা স্বপ্ন বাস্তব হয়েছে।

মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনাকে মূলত আলোকিত করেছেন ১৯ বছর বয়সী দুয়ে।  চোখ ধাঁধানো পারফরম্যান্সে নিজেকে মেলে ধরেছিলেন। ফাইনালে ৫-১ গোলে জয়ের পর তার প্রতিক্রিয়া ছিল, ‘ভাষা হারিয়ে ফেলেছি। পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামকে ধন্যবাদ, প্যারিসকে ধন্যবাদ। একটা স্বপ্ন বাস্তব হয়েছে। চমৎকার, পাগলাটে অবস্থা। আমি অনেক খুশি।’

ফ্রান্সের জায়ান্ট হয়েও মহাদেশীয় এই শিরোপা এবারই প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা। তাই দুয়ের প্রতিশ্রুতি, ‘এটা তো সবে শুরু।’

পিএসজিকে প্রথম শিরোপা জেতানোর পেছনের মানুষটি হচ্ছেন কোচ লুই এনরিকে। সর্বশেষ ১০ বছর আগে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনি বলেছেন, ‘এখন সময় হচ্ছে বড় উৎসবের। আমাদের এই মুহূর্তটাকে যেভাবে পারা যায় উদযাপন করা উচিত।’