টানা দুই দিন ‘ক্লোজডোর’ অনুশীলন, সোমবার আসছেন হামজা

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন চলছে। প্রথম দিন কিংস অ্যারেনায় হয়েছিল। আজ হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। প্রথম দিন ১৫ মিনিট অনুশীলন উন্মুক্ত হলেও আজ ও কাল হবে সবার অগোচরে! রুদ্ধদ্বার অনুশীলন চলবে আগামী দুই দিন।

টানা দুই দিন ক্লোজডোর অনুশীলন কেন? এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা কোচের ইচ্ছে। উনি ভালো বলতে পারবেন। আমি তাকে বলেছিলাম এই মাঠে ক্লোজডোর করে কী লাভ। চারদিকে তো অবকাঠামো। ফেডারেশনগুলোর অফিস রয়েছে। উনি কোনও কিছু বলেননি। আপনারা পরবর্তীতে কোচের কাছ থেকে জেনে নিয়েন।’

দীর্ঘ প্রায় ৫৫ মাস সংস্কারের পর জাতীয় দল পা দিলো এ মাঠে। এদিনের প্রস্তুতি ‘ক্লোজডোর’ হওয়ায় যতটা নিরিবিলি অনুশীলন কাবরেরা করতে চেয়েছিলেন, তা সম্ভব হয়নি নানা কারণে। মাঠের চারপাশে এখনও ইলেক্ট্রনিক বোর্ড লাগানোর কাজ চলমান থাকায় মাঠে তাদের কর্মীদের উপস্থিতি ছিল। 

জাতীয় দলের খেলোয়াড়দের কাছে পেয়ে তাদের সঙ্গে অনেকে সেলফি তোলার সুযোগ কাজে লাগিয়েছেন। দু-একজনকে আড়ালে-আবডালে ভিডিও করতে দেখা গেলো। 

দূর থেকে যা দেখা গেছে তাতে গা গরমের পর প্রস্তুতি ম্যাচের ধাঁচে তিন দফা অনুশীলন করালেন কাবরেরা। প্রথমে ছোট পোস্ট সাজিয়ে, এরপর বড় পোস্ট এনে মাঠ ছোট করে খেলে এবং সবশেষ মাঠ জুড়ে খেলোয়াড়দের দুই দলে ভাগ করে খেলিয়েছেন তিনি। 

এদিকে কাল সোমবার সকালে ঢাকায় আসছেন দলের বড় তারকা হামজা চৌধুরী।  এসেই দলের সঙ্গে হোটেলে যোগ দেওয়ার কথা রয়েছে। কানাডা থেকে শমিত সোম আসবেন ৪ জুন।