ন্যু ক্যাম্পে আগামী মাসেই ফেরার কথা ছিল বার্সেলোনার। কিন্তু পরিকল্পনা মতো ফেরা হচ্ছে না তাদের। তাতে ১০ আগস্টের হুয়ান গাম্পের ট্রফি এই মাঠের বদলে অনুষ্ঠিত হবে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।
ন্যু ক্যাম্পে নির্ধারিত সময়ে না ফিরতে পারার কারণ মূলত অনুমতি সংক্রান্ত।
বার্সা আগেই ঘোষণা করেছিল ১০ আগস্ট কোমোর বিপক্ষে গাম্পের ট্রফি অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল ন্যু ক্যাম্পে। যা ছিল দুই বছর ধরে চলা স্টেডিয়ামটির সংস্কারের পর সেটি পুনরায় খোলার প্রথম ধাপ।
কিছু প্রয়োজনীয় অনুমতি ইতোমধ্যেই দেওয়া হয়েছে। তবে স্টেডিয়ামে প্রবেশ সংক্রান্ত নিরাপত্তা বিষয়ক কিছু সমস্যা এখনও রয়ে গেছে।
ক্লাবটি জানিয়েছে, যেহেতু ব্যাপক মাত্রায় কাজ সম্পন্ন হয়েছে, তাই এই অনুমতি সংক্রান্ত বিধিমালার সব শর্ত পূরণ করা সম্ভব হয়নি, যদিও ক্লাবটি ধাপে ধাপে পুনর্গঠিত স্টেডিয়াম খুলে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল।
বার্সেলোনা সর্বশেষ ২০২৩ সালের মে মাসে ন্যু ক্যাম্পে খেলেছিল। আর ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম, যেখানে নারীদের দল খেলে, সেখানে মাত্র ৬ হাজার আসনের ব্যবস্থা রয়েছে। ন্যু ক্যাম্পে সংস্কার কাজ চলায় বার্সা গত দুই মৌসুম ধরে শহরের অলিম্পিক স্টেডিয়ামে খেলছে।
মূল পরিকল্পনা ছিল ২০২৪ সালের নভেম্বর মাসে ফিরে আসার, কিন্তু সেই তারিখ বারবার পিছিয়েছে। বার্সা অবশেষে এই মাসের শুরুতে জানায় যে তারা সেখানে হুয়ান গাম্পের ট্রফি খেলবে। কাতালান ক্লাবটি লা লিগা মৌসুম শুরুর আগে ন্যু ক্যাম্পে ওই ম্যাচটি একটি পরীক্ষামূলক ম্যাচ হিসেবে খেলতে চেয়েছিল। সেক্ষেত্রে দর্শক সংখ্যা ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকতো।
যতটুকু জানা গেছে সংস্কার এই মৌসুম জুড়েই চলমান থাকবে। ২০২৬-২৭ মৌসুম শুরুর আগ পর্যন্ত সেটা শেষ হওয়ার প্রত্যাশাও করা যাচ্ছে না।