৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ-২৩ টুর্নামেন্টের বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। তার আগে বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আজ বুধবার জাতীয় টিমস কমিটির অনলাইন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি চার সেরা রানার্সআপ দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাহরাইনে অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে বাংলাদেশের খেলা হবে ১৮ ও ২২ আগস্ট।
এছাড়া কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পাঁচ দিন আগে বাংলাদেশ দলকে ভিয়েতনামে পাঠাবে বাফুফে।
প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ও সূচি ঠিক হলেও এখনও কোচের নাম আনুষ্ঠাকিভাবে প্রকাশ করেনি বাফুফে। তবে টেকনিক্যাল ডিইরেক্টর সাইফুল বারী টিটু দায়িত্ব নিতে যাচ্ছেন, এটা অনেকটা নিশ্চিত। তিনি ইন্দোনেশিয়ায় ফিফার একটি প্রোগ্রাম থেকে দেশে ফেরার পর অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু হতে পারে। তখন আনুষ্ঠানিকভাবে সব কিছু ঘোষণা করা হবে বলে জানা গেছে।