ইতালির সাবেক অধিনায়ক আন্দ্রে পিরলো দুবাইভিত্তিক ইউনাইটেড এফসির কোচ হলেন। শুক্রবার এই ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের ক্লাব।
স্থানীয় গণমাধ্যম বলছে, ৪৬ বছর বয়সী ইতালিয়ান ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন। ২০২২ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি দুবাই ইউনাইটেড নামেও পরিচিত। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটি তৃতীয় স্তর থেকে উন্নীত হয়েছে।
এক বিবৃতি দিয়েছে ক্লাব, ‘অন্যরকম ফুটবল দর্শন এবং জুভেন্টাস ও সাম্পদোরিয়া থেকে মূল্যবান কোচিং অভিজ্ঞতা সঙ্গে করে আসছেন পিরলো। ইউনাইটেড এফসির জন্য তার এই আগমন নতুন একটি অধ্যায়। আমিরাতি ফুটবলে ক্লাবের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষার প্রতিফলন এটি।’
২০২৩-২৪ মৌসুমে সিরি বি দল সাম্পদোরিয়াকে সপ্তম স্থানে রেখেছিলেন পিরলো। তবে গত মৌসুমে বাজে শুরুর পর আগস্টে বরখাস্ত হন তিনি।
পিরলো ২০১৭ সালে সেরা মিডফিল্ডার হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে অবসর নেন। ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতানো এই মিডফিল্ডার এসি মিলানকে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জেতান এবং ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত জুভেন্টাসে চারটি সিরি আ শিরোপা পান।