বায়ার্ন মিউনিখ স্টেডিয়াগে গত ৩১ মের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে প্যারিস সেন্ট জার্মেই। বাধভাঙা উল্লাসে মাতে তাদের ভক্ত-সমর্থকরা। তা সীমা ছাড়িয়ে অসদাচরণে রূপ নেয়। এ কারণে জরিমানা গুনতে হচ্ছে ফরাসি চ্যাম্পিয়নদের।
ওই ম্যাচে টার্ফের কিছু অংশ তুলে নেন সমর্থকরা। গ্যালারিতে ‘উয়েফা মাফিয়া’ ব্যানারও প্রদর্শন করে।
উয়েফা বলেছে, তাদের ডিসিপ্লিনারি প্যানেল ‘খেলাধুলার জন্য অনুপযুক্ত বার্তা প্রেরণ’ ও ‘উয়েফাকে অসম্মানিত করা’ সহ ছয়টি অভিযোগ এনেছে।
প্রায় দেড় লাখ ইউরো জরিমানা গুনতে হচ্ছে পিএসজিকে। আক্রমণাত্মক বার্তার জন্য ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
পিএসজি সমর্থকরা একটি পতাকা উড়ান, যেখানে ‘উয়েফা মাফিয়া’ স্লোগান লেখা এবং একটি শুকরের ছবি দেওয়া।
এর আগে নরওয়েজিয়ান ক্লাব ব্রানও গ্যালারিতে ‘মাফিয়া’ স্লোগান ব্যবহার করায় শাস্তি পেয়েছিল। থবে ক্রীড়া আদালতে আপিল করে জিতে যায় তারা।
মূলত সমর্থকরা মাঠে ঢুকে পড়ায় এবং আতশবাজি জ্বালানোর কারণে এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে পিএসজিকে। এছাড়া টার্ফ উপরে ফেলে মাঠের ক্ষতি করায় বাড়তি ৮ হাজার ইউরো দিতে হবে তাদের।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে উয়েফার কাছ থেকে প্রায় ১৪ কোটি ইউরো প্রাইজমানি পায় পিএসজি।