ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ায় লা লিগা মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ স্থগিতের অনুরোধ করেছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিচারক তা প্রত্যাখ্যান করেছেন।
গত ৯ জুলাই মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে তাদের শেষ ম্যাচ খেলেছিল। সেমিফাইনালের সেই ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে হারে তারা।
লিগে রিয়ালের প্রথম ম্যাচ আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে। দুই ম্যাচের মধ্যে ৪১ দিনের বিরতি। কিন্তু স্পেনের পেশাদার ফুটবলের সমন্বিত চুক্তি অনুযায়ী সেটি ন্যুনতম বিশ্রাম ও প্রস্তুতির জন্য যথেষ্ট নয় বলে দাবি করে মাদ্রিদ ক্লাব। তারা ম্যাচটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল।
বৃহস্পতিবার রিয়ালের সেই অনুরোধের প্রেক্ষিতে রায় দিয়েছে দেশটির শীর্ষ ফুটবল সংস্থা। এর বিচারক হোসে আলবার্তো পেরেজ বলেছেন, রিয়ালের সেই ম্যাচের স্থগিতের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।
বিচারক বলেন, ১১ জুলাই থেকে বিশ্রামে আছেন রিয়ালের খেলোয়াড়রা। এরই মধ্যে ২১ দিন নির্বিঘ্নে বিশ্রাম কাটিয়েছেন তারা।
এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৪৮ ঘণ্টা সময় পাবে রিয়াল। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মৌসুম শুরু হবে ১৬ আগস্ট রিয়াল মায়োর্কার বিপক্ষে।