বায়ার্ন লিজেন্ড মুলার কানাডিয়ান ক্লাবে

গত এপ্রিলে থমাস মুলার বায়ার্ন মিউনিখের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। বুধবার বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের অনুশীলনে অতিথি হিসেবে ছিলেন তিনি। দিন গড়াতে জানা গেলো তার নতুন ঠিকানা। বিশ্বকাপ জয়ী জার্মান যে মেজর লিগ সকার ক্লাবে যাচ্ছেন তা মোটামুটি নিশ্চিত ছিল। কানাডিয়ান ক্লাব ভ্যানকুভার হোয়াইটক্যাপস তার সঙ্গে চুক্তি করেছে। এমএলএস ক্লাব এই তথ্য জানিয়েছে।

বায়ার্নের সঙ্গে রেকর্ড ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করা মুলার এক বিবৃতি দিয়েছেন, 'একটি চ্যাম্পিয়নশিপ জেতানোর জন্য আমি ভ্যানকুভারে আসতে মরিয়া হয়ে আছি। আমি এই শহর সম্পর্কে দারুণ সব ব্যাপার শুনেছি। কিন্তু আমি প্রথমত এখানে জিততে আসছি।'

প্লে অফে খেলার আশা নিয়ে চলতি এমএলএস মৌসুমে কানাডিয়ান ক্লাবে যোগ দেবেন মুলার। ওয়েস্টার্ন কনফারেন্স টেবিলে তারা দ্বিতীয় স্থানে। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট তাদের।

বায়ার্নের সঙ্গে ১৩ বুন্দেসলিগা ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিজ্ঞতা নিয়ে কানাডায় পা রাখছেন মুলার। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড ২০১৪ সালে জার্মানির সঙ্গে বিশ্বকাপ জেতেন। দেশের হয়ে ১৩১ ম্যাচ খেলে মুলার গত বছর আন্তর্জাতিক অবসর নেন।