লেভানডোভস্কিকে শুরুতেই হারালো বার্সা

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রবার্ট লেভানডোভস্কি। তবে শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট তাকে ছিটকে দেয়। প্রায় একই জায়গায় ইনজুরির কারণে নতুন মৌসুমের শুরুতেই তাকে হারালো কাতালান জায়ান্টরা।

রবিবার হোয়ান গাম্পার ট্রফিতে কোমোর মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচে পোলিশ স্ট্রাইকারকে পাবে না তারা।

বাঁ পায়ের ঊরুতে হ্যামস্ট্রিং চোট পেয়েছেন লেভানডোভস্কি। রবিবারের ম্যাচে তাকে না পাওয়ার খবর শুক্রবার নিশ্চিত করেছে বার্সা।

আগামী ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে বার্সা তাদের প্রথম লা লিগা ম্যাচ খেলবে। এই সময়ের মধ্যে লেভানডোভস্কি সেরে উঠবেন নাকি আরও কিছু সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তা জানাতে পারেনি বার্সা।

গত মৌসুমে ৫২ ম্যাচ খেলে ৪২ গোল করেন লেভানডোভস্কি। বার্সা জেতে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ শিরোপা।

তার অনুপস্থিতি নিশ্চিতভাবে ভাবাবে হ্যান্সি ফ্লিককে। এই ফরোয়ার্ড সাইডলাইনে যাওয়ায় আক্রমণভাগ সামলাতে হবে নতুন চুক্তি মার্কাস র‌্যাশফোর্ড ও ফেরান তোরেসকে।