দায়িত্ব নেননি ব্রাজিলিয়ান কোচ, কিংসের ডাগ আউটে থাকছেন কে

আজ মঙ্গলবার কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইয়ে বসুন্ধরা কিংস মুখোমুখি হচ্ছে সিরিয়ার আল কারমাহর। ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের অধীনে মাঠে নামার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটা হচ্ছে না। কিংসের দায়িত্ব না নিয়ে ব্রাজিলিয়ান কোচ ইরাকের ডুহক ক্লাবে যোগ দিয়েছেন!  ইরাকি ক্লাবটি ব্রাজিলিয়ান কোচের সঙ্গে চুক্তির ঘোষণা সামাজিক মাধ্যমে প্রকাশও করেছে। তাই আজ দোহার মাঠে হেড কোচ ছাড়াই নামতে হচ্ছে তপু বর্মণদের। এই অবস্থায় সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানীকে ডাগ আউটে দেখা যেতে পারে। 

কিছু দিন আগে বসুন্ধরা কিংস থেকে ব্রাজিলিয়ান কোচের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। ঢাকায় না এসে তার কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা  ছিল। এখন সেটি না হওয়ায় বিপাকে পড়েছে কিংস। 

তবে ব্রাজিলিয়ান কোচ না এলেও ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল, রাফায়েল, দোরিয়েলতনসহ অন্য বিদেশিরা ঠিকই দলের সঙ্গে যোগ দিয়েছেন। 

হেড কোচ ছাড়া সংবাদ সম্মেলনে জয়ের স্বপ্নের কথা জানিয়েছেন কিংসের অধিনায়ক তপু বর্মণ,‘আমরা ঢাকাতে দুই সপ্তাহের মতো অনুশীলন করেছি। সেখানে ভালো অনুশীলন হয়েছে। এই ম্যাচ ক্লাব ও দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি দলের প্রত্যেকে সিরিয়াস এবং জয়ের জন্য এসেছি। সবাই পজিটিভ, আশা করি ভালো রেজাল্ট হবে।’ 

কাতারের আবহাওয়া বেশ গরম। এই আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তপুরা,‘গতকাল আমরা ৪০ ডিগ্রির বেশিতে অনুশীলন করেছি। সবাই বলছিল অনেক গরম। আমরা পেশাদার খেলোয়াড়, সব পরিবেশে মানিয়ে নিতে হয়। সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছি।’