মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে লড়াই করছে আবাহনী লিমিটেড। জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। যদিও সুযোগ পেয়েছ দুই দলই। গোলশূন্য স্কোরলাইন রেখে বিরতিতে গেছে দুই দল।
আবাহনীর চেয়ে শারীরিক দিয়ে এগিয়ে মুরাস। শুধু তাই নয়, টেকনিক-ট্যাকটিসের দিক দিয়েও তারা সামনের দিকে। তাই ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে ধার ছিল কিরগিজস্তানের দলটির।
শুরুর ১৫ মিনিট তো চেপে বসেছিল। গোলের সুযোগও তৈরি করেছির একের পর। তবে রক্ষণের খেলোয়াড়রা ও গোলকিপার মিতুল মারমা গোল হতে দেননি।
৬ মিনিটে মুরাস প্রথম সুযোগ পায়। সতীর্থের ক্রসে একজন ডামি করলে অন্য প্রান্তে ওলে মারচুকের প্লেসিং পোস্টের বাইরে দিয়ে যায়।
তিন মিনিট পর কোদজে চাবেলের জোরালো শট মিতুল ফিস্ট করে দেন।
১২ মিনিটে ইগুলভের কোনাকোনি শট আবাহনী কিপার শরীর দিয়ে ফেরান।
আবাহনী কিছুটা গুছিয়ে নিয়ে প্রতি আক্রমণে উঠে গোল করার চেষ্টা করে। তবে সফল হতে পারেনি।
১৮ মিনিটে ইব্রাহিমের পাসে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে দিয়াবাতে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েও আবার উঠে শট নিলে তা ক্রসবারের ওপর দিয়ে গিয়ে সমর্থকদের হতাশ করে।
চার মিনিট পর কিরগিজদের কোদজে জাবেলের জোরালো শট মিতুল শেষ মুহূর্তে ডান হাত বাড়িয়ে রুখে দেন।
পরের মিনিটে আল আমিন একাই বক্সে ঢুকে শট পর গায়ের সঙ্গে লেগে থাকা এক ডিফেন্ডার দ্রুত পা চালিয়ে ক্লিয়ার করেন।
৩২ মিনিটে দিয়াবাতের পাসে ইব্রাহিমের শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৪২ মিনিটে মোরসালিনের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়।