রাসমুস হয়লুন্দ এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে নারাজ। কিন্তু তার ভয়, এই মৌসুমে মাঠে নিয়মিত হওয়ার জন্য তাকে চলে যেতে হতে পারে।
আরবি লাইপজিগ থেকে বেঞ্জামিন সেসকো আসার পর হয়লুন্দের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এসি মিলান তার সঙ্গে যোগাযোগ রাখছে বলে গণমাধ্যমের খবর।
তবে ডেনমার্ক স্ট্রাইকার প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে ক্লাব কর্মকর্তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওল্ড ট্রাফোর্ডে থেকে যাওয়ার ইচ্ছা তার।
প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফরে হয়লুন্দ বেশ ভালো পারফর্ম করেছেন। শিকাগোতে বোর্নমাউথের বিপক্ষে ৪-১ এর জয়ে গোল করেছেন। তারপরই ঘোষণা দেন, তিনি থাকতে চান এবং জায়গা পেতে লড়াই করে যাবেন।
কিন্তু শনিবার ফিওরেন্তিনার বিপক্ষে প্রাক মৌসুমের ম্যাচে এক মিনিটও খেলতে না পেরে ২২ বছর বয়সী স্ট্রাইকারের ভাবনায় পরিবর্তন এসেছে। ইউনাইটেড সূত্রগুলো বলছে, ক্লাব তাকে যেতে বাধ্য করছে না। যদিও অন্য ক্লাবের কাছ থেকে স্থায়ী কিংবা ধারে ছেড়ে দেওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখবে তারা।
শোনা যাচ্ছে, মিলান পুরো মৌসুমের জন্য হয়লুন্দকে নিতে আগ্রহী। আগামী মৌসুমে চুক্তি স্থায়ীভাবে করারও সুযোগ রাখবে তারা।
২০২৩ সালে ইউনাইটেডে আসার আগে হয়লুন্দ সিরি আ-তে খেলেছিলেন। আতালান্তার হয়ে ৩২ ম্যাচে ৯ গোল করেন তিনি।