ফিফা ই-বিশ্বকাপের পাশাপাশি গেম অ্যাপেও নাম লেখাতে চায় বাংলাদেশ

বিশ্বে শুধু মাঠেই নয় ভার্চুয়াল জগতেও ফুটবল অন্যতম আকর্ষণীয় খেলা। ফিফা গেম অ্যাপে অনেক  ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দল নিয়ে খেলে থাকেন। তাই এবার ফিফা গেম অ্যাপে  বাংলাদেশের নাম অর্ন্তভুক্তির চেষ্টা চলছে। এছাড়া ফিফা ই-বিশ্বকাপের বাছাইয়ে খেলবে। আজ বাফুফের সংবাদ সম্মেলনে এমনই তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশেও অনেক তরুণ খুব আগ্রহ নিয়ে এই খেলা খেলেন। তবে ফিফা গেমে এখনো বাংলাদেশ নিবন্ধিত নয় এবং বাংলাদেশি খেলোয়াড়দের প্রোফাইলও নেই। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ নিয়ে কাজ করতে চান বলে সংবাদ সম্মেলনে জানালেন, ‘এটা এখন আসলে আমাদের দায়িত্ব ফিফা গেম অ্যাপে বাংলাদেশের নাম অর্ন্তভুক্তি হওয়া। যেন ফুটবল সমর্থকরা বাংলাদেশ নিয়েই অন্য দেশের কারও সঙ্গে অনলাইনে খেলতে পারে।’

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ই-স্পোর্টসকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। অলিম্পিক সহ অনেক গুরুত্বপূর্ণ গেমসে ই-স্পোর্টস রয়েছে। ই-স্পোর্টসে বাফুফে তা নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল, ‘সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাফুফে সবার আগে ই-ফুটবল নিয়ে কাজ শুরু করছে।’

চলতি বছর ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে ই-ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাবিথ আউয়ালের আশা সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে, ‘আগস্ট ও সেপ্টেম্বরে ই-ফুটবল বাছাই অনুষ্ঠিত হবে। সেখান থেকে জয়ীরা আগামী অক্টোবর-নভেম্বরে রিজিওনাল পর্যায়ে খেলবে। ওখানে যদি ভালো করতে পারে তাহলে সৌদি আরবের রিয়াদে বিশ্বকাপে খেলবে।’ 

বাফুফে আরও আশা করছে, দেশে ই-স্পোর্টসের জনপ্রিয়তা ও তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফুফে সদস্য কামরুল হাসান হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ ও সাখাওয়াত হোসেন ভূঁঞা শাহীন।

আরও  ছিলেন স্টেলার ডিজিটাল লি.-এর সিওও ফায়াজ তাহের, ব্লাডম্যান-এর চেয়ারম্যান মো. শাহারিয়ার হাসান জিসান এবং লেভেল ৭ লি.-এর সিইও মোহাম্মদ আলিউর রহমান সোহান।