বেঞ্চ থেকে ফিরেই জবাব দিলেন ভিনি, জোড়া গোল এমবাপ্পের

লা লিগায় ওভিয়েদোর বিপক্ষে শুরুর একাদশ নিয়ে চমকে দিয়েছিলেন কোচ জাবি আলোনসো। যার জবাবটা বেঞ্চ থেকে ফিরেই দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। শেষ দিকে করেছেন গোল। আবার কিলিয়ান এমবাপ্পের গোলে করেছেন অ্যাসিস্ট। এমবাপ্পের জোড়ায় শেষ পর্যন্ত ২৫ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

বদলি হিসেবে ভিনিসিয়ুসকে মাঠে নামানো হয় ৬৩ মিনিট। রদ্রিগোর বদলে নামেন তিনি। ততক্ষণে অবশ্য প্রথমার্ধের ৩৭ মিনিটে এমবাপ্পের গোলে ১-০ গোলে এগিয়ে তারা। মাঠে নামার পর ব্রাজিলিয়ান তারকা কৌশলে ৮৩ মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোলের মঞ্চ গড়েছেন। তারপর তো যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে জাল কাঁপান নিজে। 

ভিনিসিয়ুস তার অ্যাসিস্টের পর অবশ্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। রেফারি রিকার্দো দে বুর্গোসের দিকে চিৎকার করতে দেখা যায় তাকে, এরপর সতীর্থ এমবাপ্পে তার মুখ হাত দিয়ে ঢেকে দেন। পরে ৯৩তম মিনিটে গোল করার পর ওভিয়েদো ভক্তদের মুখোমুখি হয়ে উদযাপন করেন ভিনি।

ব্যালন ডি’অর-এর রানার-আপ ভিনিসিয়ুসকে শুরুর একাদশে না রাখার কারণও ছিল। লা লিগার প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছিলেন। ম্যাচের পর ভিনির প্রশংসা করেন জাবি আলোনসো, ‘ভিনি নামার পর ভালো খেলেছে, দুটি গোলেই সে ছিল নির্ণায়ক। আমরা খুশি যারা শুরুটা করেছিল এবং বেঞ্চ থেকে নেমেছিল। সামনে সবার জন্যই অনেক ম্যাচ আছে।’

ইএসপিএন বলছে, ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে আলোচনায় স্থবিরতা দেখা দিয়েছে। বর্তমান চুক্তি শেষ হবে ২০২৭ সালের জুন মাসে। আলোনসো নাকি এমন পরিকল্পনাও করেছিলেন পিএসজির বিপক্ষে এই গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ভিনিসিয়ুসকে বসিয়ে রাখবেন, পরে অবশ্য সিদ্ধান্ত বদলান। এই ম্যাচে ভিনিকে বেঞ্চে বসিয়ে রাখার ব্যাখ্যায় রিয়াল মাদ্রিদ কোচ বলেছেন, ‘ফুটবলে দলের স্বার্থে সিদ্ধান্ত নিতে হয়, আজও তাই হয়েছে। কখনও শুরু করাই গুরুত্বপূর্ণ, কখনও কয়েক মিনিট খেলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা—আজ ভিনিসিয়ুস তাই করেছে। সারা বছর এভাবেই চলবে।’

ওভিয়েদোর বিপক্ষে ভিনিসিয়ুসের জায়গায় খেলেছেন রদ্রিগো। এই গ্রীষ্মে যার দলবদল নিয়ে ছিল প্রচুর আলোচনা। শোনা গেছে, রদ্রিগো নাকি আলোনসোকে জানিয়েছেন, এখন থেকে বাঁ দিকের উইংয়ে খেলতে চান তিনি।

২০২৪-২৫ মৌসুমে সাবেক কোচ কার্লো আনচেলত্তির অধীনে বড় কোনও ট্রফি জিততে পারেনি মাদ্রিদ। আলোনসোর অধীনে অবশ্য ঘুরে দাঁড়ানোর আশায় তারা। এরই মধ্যে চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচ জিতে অর্জন করেছে ৬ পয়েন্ট।