ইতালির বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে লিভারপুলের ১৮ বছর বয়সী ডিফেন্ডার

টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি। ছোট্ট ভুলে সর্বনাশ হয়ে যেতে পারে তাদের। এস্তোনিয়া ও ইসরায়েলের বিপক্ষে পরের দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচে সর্বস্ব দিতে হবে তাদের। আর এই দুটি ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন তিন নতুন মুখ- তাদের একজন লিভারপুলের সম্ভাবনাময়ী ১৮ বছরের সেন্টার ব্যাক জোভান্নি লেওনি।

শুক্রবার ইতালির কোচ জেন্নারো গাত্তুসো বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড ঘোষণা করেছেন। সেই দলে প্রথমবার ডাক পেয়েছেন ইন্টার মিলান ফরোয়ার্ড ফ্রান্সেস্কো পিও এসপোসিতো ও বোলোগনা মিডফিল্ডার জোভান্নি ফ্যাবিয়ান।

জুনে বরখাস্ত লুসিয়ানো স্পালেত্তি বরখাস্ত হওয়ার পর দায়িত্ব নিয়ে প্রথমবার স্কোয়াড ঘোষণা করলেন গাত্তুসো।

চলতি মাসে পার্মা থেকে লিভারপুলে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী লেওনি। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে এখনও কোনও ম্যাচ খেলা হয়নি তার।

আতালান্তা ফরোয়ার্ড জানলুঙ্কা স্কামাক্কা ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন। স্পালেত্তির দল থেকে বাদ পড়া রোমা সেন্টার জানলুকা মানচিনিকে ফেরানো হয়েছে।

কাঁধের সমস্যা নিয়েও জায়গা পেয়েছেন নিউক্যাসল মিডফিল্ডার সান্দ্রো টোনালি। সৌদি আরবে যাওয়া ফরোয়ার্ড মাতেও রেতেগুই সুযোগ পেয়েছেন।

আগামী শুক্রবার বারগামোতে এস্তোনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলবে ইতালি। তিন দিন পর হাঙ্গেরিতে তাদের প্রতিপক্ষ ইসরায়েল।

দুই ম্যাচে তিন পয়েন্ট ইতালির। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে নরওয়ে। তিন ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তাদের পরে ইসরায়েল।

ইতালির স্কোয়াড-

গোলরক্ষক: মার্কো কার্নেসেচি, জিয়ানলুইগি দোনারুম্মা, অ্যালেক্স মেরেত, গুগলিয়েলমো ভিকারিও।

ডিফেন্ডার: আলেসান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা, রিকার্দো ক্যালাফিওরি, আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো, জোভান্নি ডি লরেঞ্জো, ফেদেরিকো দিমারকো, ফেদেরিকো গাত্তি, জোভান্নি লেওনি, জানলুকা মানচিনি।

মিডফিল্ডার: নিকোলো বারেলা, জোভান্নি ফ্যাবিয়ান, দাভিদ ফ্রেতেসি, ম্যানুয়েল লোকেতেল্লি, নিকোলো রোভেল্লা, সান্দ্রো টোনালি।

ফরোয়ার্ড: ফ্রান্সেস্কো পিও এসপোসিতো, ময়েসে কেন, দানিয়েল মালদিনি, রিকার্দো ওরসোলিনি, মাত্তেও পলিতানো, গিয়াকোমো রাসপাদোরি, মাতেও রেতেগুই, জানলুকা স্কামাক্কা, মাত্তিয়া জাক্কাগনি।