কাঠমান্ডুর বিক্ষোভে বাংলাদেশ-নেপাল ম্যাচ হচ্ছে না

নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি মঙ্গলবার হওয়ার কথা ছিল। কিন্তু তরুণদের বিক্ষোভে উত্তাল পুরো নেপাল। যার প্রভাবে ম্যাচটি স্থগিত করা হয়েছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন ও তাদের সরকারের মধ্যে সন্ধ্যায় আলোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বাফুফে বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে দিনভর এ নিয়ে অস্থিরতা চলেছে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন হওয়ার পর আর হোটেল থেকে বের হতে পারেনি জামাল ভূঁইয়ারা। মাঠের অনুশীলনও পণ্ড হয়ে যায়।

জামাল ভূঁইয়ারা তার পর বাধ্য হয়ে ইনডোরে অনুশীলন করেছেন। হোটেলেই প্রায় দেড় ঘণ্টার মতো ঘাম ঝরিয়েছেন তারা।

নেপালে তরুণদের বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে। বেড়েছে হতাহতের সংখ্যাও।

 
বাফুফে জানিয়েছে, কাঠমান্ডুর সাম্প্রতিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বাফুফে বলেছে, ‘আমাদের সকল সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই, আমাদের দলের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্থানীয় কর্তৃপক্ষ, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’