মার্শেইকে কাঁদিয়ে ফ্রেঞ্চ সুপার কাপে নাটকীয় জয় পিএসজির 

ফ্রেঞ্চ সুপার কাপে নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। যোগ হওয়া সময়ের শেষ মুহূর্তে (৯০+৫ মিনিট) সমতাসূচক গোলের (২-২) পরে টাইব্রেকারে মার্শেইকে ৪-১ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে টানা চতুর্থবারের মতো ফরাসি সুপার কাপ জিতেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। রেকর্ড ১৪বারের ফরাসি সুপার কাপজয়ী ক্লাবটি গত ১৩ মৌসুমের মধ্যে এই ট্রফি ঘরে তুললো ১২তমবার।

অথচ ১৪ বছরে প্রথম কোনও শিরোপার খোঁজে ছিল মার্শেই। শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় দলটির অনেকেই অশ্রুসিক্ত নয়নে মাঠ ছেড়েছেন। 

কুয়েতে অনুষ্ঠিত লিগ ওয়ান ও ফরাসি কাপের চ্যাম্পিয়ন পিএসজি শুরুতেই উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায়। চ্যাম্পিয়ন্স লিগজয়ীরা তখন সহজ জয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু শেষ দিকে দারুণ প্রত্যাবর্তন করে মার্শেই। ম্যাসন গ্রিনউড পেনাল্টি থেকে গোল করেন। আর উইলিয়ান পাচোর আত্মঘাতী গোল এনে দেয় অপ্রত্যাশিত লিড (২-১)। তার পর যোগ হওয়া সময়ের একেবারে শেষ মুহূর্তে গনসালো রামোসের গোলে সমতায় ফেরে পিএসজি। তার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পিএসজির গোলরক্ষক লুকাস শেভালিয়ের গুরুত্বপূর্ণ দুটি সেভ করেন। 

টাইব্রেকারে পিএসজির হয়ে গনসালো রামোস, ভিতিনহা, নুনো মেন্দেস ও দেজিরে দুয়ে গোল করলে ৪–১ ব্যবধানে জয় নিশ্চিত হয় তাদের।