বাংলাদেশে ‘হতে যাওয়া’ সাফে ভারত খেলবে কিনা জানালেন তাবিথ আউয়াল 

চলতি বছর আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেসময় ঢাকায় এসে ছেলেদের সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে দুই দেশের বর্তমান রাজনৈতিক ও ক্রীড়াসুলভ পরিবেশ-পরিস্থিতি বেশ নাজুক। যদিও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আশাবাদী  ভারতের অংশগ্রহণ নিয়ে।

সোমবার বাফুফ ভবনে পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। কথাও বলেছেন। এরপর তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেছেন, ‘সাফ ছেলেদের টুর্নামেন্টটা খুব সম্ভবত বাংলাদেশ হোস্ট করবে। আমরা উইন্ডো নিয়েও এখন একটু বিবেচনা করছি। কিন্তু আমরা যদি সাফ হোস্ট করতে চাই, তাহলে নিজস্ব ভিশন হলো পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাই অন্তত তিনটা ভেন্যু যেন ব্যবহার করতে পারি। মানে ঢাকা ও ঢাকার বাইরে দুইটা ভেন্যু নিয়ে। তাহলে আমি মনে করি যে সাফটা আসলে জাঁকজমক হবে এবং হোস্ট হিসেবে দেখাতে পারবো যে আমরা একটা ভালো টুর্নামেন্ট আয়োজন করতে পারি।’

ভারতের অংশগ্রহণের বিষয়ে বাফুফে সভাপতি উত্তর দিয়েছেন এভাবে, ‘অনেক বড় একটা প্রশ্ন ভারত... না আমি মনে করি না ফুটবলে আমরা অন্য কোনও বিবেচনা কখনও রাখি। ফুটবলের ক্ষেত্রে শুধু নভেম্বর মাসেও আমাদের প্রতিবেশী দেশ খেলে গিয়েছে। গত মার্চে আমরা গিয়েছিলাম খেলার জন্য। তো আমি মনে করি না যে অন্য কোনও আগাম কিছু বলা ফুটবলের ক্ষেত্রে সমীচীন হবে। আমি বিশ্বাস করি ফুটবল ফুটবলের মতোই চলে আর সব খেলোয়াড় ফুটবলের সাথে খেলবে।’

বাফুফেতে তাবিথ আউয়ালের সময় দিতে না পারার বিষয়টিও সংবাদ সম্মেলনে প্রশ্ন হিসেবে আসে। এমন গুঞ্জন নিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘এই গুঞ্জন তো আমি আগে কখনও শুনিনি, আপনাদের মাধ্যমে প্রথম শুনলাম। নিশ্চিত নই বিষয়টাতে কীভাবে মন্তব্য করবো। তাই নো কমেন্টস।’