আলোনসো বরখাস্ত, রিয়ালের নতুন কোচ কে?

দলের ফর্মের কারণে ভীষণ চাপে ছিলেন জাবি আলোনসো। শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক মাদ্রিদ তারকা আলভারো আরবেলোয়া।

বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের একদিন পরই এই সিদ্ধান্ত জানায় রিয়াল মাদ্রিদ। দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় আলোনসোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ‘লস ব্লাঙ্কোস’। একই সঙ্গে রিজার্ভ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা আরবেলোয়াকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত জুনে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়েছিলেন আলোনসো। কিন্তু তার অধীনে ছন্দ খুঁজে পায়নি রিয়াল। বর্তমানে লা লিগায় বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘ক্লাব ও জাবি আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাকে মূল দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পৃথক আরেকটি বিবৃতিতে আরবেলোয়ার নিয়োগের কথা নিশ্চিত করা হলেও ৪২ বছর বয়সী এই কোচের চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি। ক্লাব জানায়, ‘২০২৫ সালের জুন থেকে আরবেলোয়া কাস্তিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সাল থেকে রিয়াল মাদ্রিদের একাডেমিতেই তিনি তার কোচিং ক্যারিয়ার গড়ে তুলেছেন।’

রিয়ালের দায়িত্বে আরবেলোয়ার প্রথম ম্যাচ হবে কোপা দেল রের শেষ ষোলোয়। বুধবার দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে মাঠে নামবে তার দল।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৩৮ ম্যাচ খেলেছেন আরবেলোয়া। এই সময়ে তিনি দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি লা লিগা শিরোপাসহ একাধিক ট্রফি জিতেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও সফল এই ডিফেন্ডার ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন স্পেনের হয়ে। ক্লাব ও জাতীয় দলে তিনি আলোনসোর সতীর্থ ছিলেন।