প্রতিবেশীর কাছে পরাজয়কে ‘মুখে চপেটাঘাত’ হিসেবে দেখছে পিএসজি 

প্রতিবেশী দল হলেও ইতিহাসে মাত্র তিনবার মুখোমুখি হয়েছিল পিএসজি ও প্যারিস এফসি। শক্তি, সামর্থ্যেও ভীষণ এগিয়ে ফরাসি জায়ান্টরা। কিন্তু ফ্রেঞ্চ কাপে ঘরের মাঠে ইতিহাসের সফলতম ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে দিয়েছে প্যারিস এফসি! যে হারটিকে ‘মুখে চপেটাঘাত’ হিসেবে দেখছেন দলের মিডফিল্ডার সেনি মায়ুলু। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সে নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে ১-০ গোলে হেরে শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।

টানা চতুর্থ ফরাসি সুপার কাপ জয়ের মাত্র চার দিন পরই এমন বড় ধাক্কা খেলো লুইস এনরিকের দল। আর ৪৬ বছর পর চলতি মৌসুমে লিগ ওয়ানে ফেরার পর বড় মঞ্চে চমক দেখাল প্যারিস এফসি।

সর্বনাশটা করেছেন পিএসজিরই সাবেক খেলোয়াড় জোনাথন ইকোনে। ৭৪তম মিনিটে একমাত্র গোলটি করে ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি।

ম্যাচ শেষে মায়ুলু বলেছেন, ‘আমরা পুরো ম্যাচে আধিপত্য করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। এটা আমাদের জন্য মুখে চপেটাঘাতের মতো, তবে আমরা ঘুরে দাঁড়াবো। এটা একটা হার, কিন্তু এখন আমরা সামনে তাকিয়ে। লিগ ওয়ানে আবার শীর্ষস্থান দখল করতে চাই।’

পিএসজির একাডেমি থেকে উঠে এসে মূল দলে অভিষেক হয়েছিল ইকোনের। চলতি মৌসুমে তিনি প্যারিস এফসিতে যোগ দিয়েছেন। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলেও উদযাপন থেকে বিরত থাকেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইকোনে পরে বলেছেন, ‘না, আমি উদযাপন করতে পারি না। এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। তবে যে ক্লাব আমাকে গড়ে তুলেছে, তাদের প্রতি সম্মান রেখেই বলছি- এখানে গোল করতে পেরে খুব খুশি।’

লিগ ওয়ানে বর্তমানে ১৫ নম্বরে রয়েছে প্যারিস এফসি। অবনমন অঞ্চল থেকে মাত্র চার পয়েন্ট ওপরে তারা। অন্যদিকে, পিএসজি আছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা লঁসের থেকে এক পয়েন্ট পিছিয়ে তারা।