সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শক্তিশালী ভারতকে জিততে দেয়নি বাংলাদেশ। ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে ভারতকে রুখে দিয়েছে লাল-সবুজরা। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ৪-৪ সমতায়। মইন আহমেদ ও অধিনায়ক রাহবার খান করেন জোড়া গোল।
থাইল্যান্ডের ব্যাংককে বুধবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুরুতে দুবার বাংলাদেশ এগিয়ে যায়। যদিও লিড ধরে রাখতে পারেনি। শুরুতে রাহবার খানের পাস থেকে গোল করেন মঈন আহমেদ। এরপর আনমোল অধিকারী ভারতের হয়ে স্কোর ১-১ করেছেন। রাহবার খান এবার হাফটাইমের আগে মঈনের পাসে গোল করে স্কোর করেন ২-১।
ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের একজনের পায়ে লেগে পায়ে লেগে গোল হলে ম্যাচে আসে ২-২ সমতা।
বিরতির পর আরও চার গোল হয়েছে। ভারত শুরুতে লালরিনজুয়ালার পাস থেকে হেডে রোলুয়াপুইয়ার গোলে এগিয়ে যায় (৩-২)। বাংলাদেশও ইনতিশারের পাসে মইন আহমেদ কোনাকুনি শটে স্কোর ৩-৩ করেন।
রোলুয়াপুইয়া আবার গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ হাল ছাড়েনি। আনমোল অধিকারীর পা থেকে বল ছিনিয়ে নিয়ে রাহবার খান ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান। তাতে এক পয়েন্ট নিশ্চিত হয় বাংলাদেশের।
১৮ জানুয়ারি লিগ পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।