বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন সুইডেন প্রবাসী আনিকা

হামজা চৌধুরী ও শমিত সোমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিয়ে মাঠ মাতাচ্ছেন। এবার ছেলেদের পাশাপাশি নারী দলেও সুইডেন প্রবাসী এক খেলোয়াড় যুক্ত হতে যাচ্ছেন।

ট্রায়াল দিতে ঢাকায় এসেছেন সুইডেনে জন্ম নেওয়া ২০ বছর বয়সী আনিকা রানিয়া সিদ্দিকী। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়ান কাপকে সামনে রেখে জাতীয় দলের ১০ দিনের ক্যাম্পে থাকছেন এই ফরোয়ার্ড।

বুধবার (২১ জানুয়ারি) নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে সাক্ষাৎ করেন আনিকা। সাক্ষাতে নিজের ইচ্ছার কথা জানান এই ফুটবলার।

আনিকার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বাটলার সংবাদমাধ্যমকে বলেন, “সে খুবই ইতিবাচক। বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায়। আমরা তাকে দেখবো। অনুশীলনে কেমন করে—সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে অনুশীলনের আগে কোনও কিছুই বলা যাচ্ছে না।”

জানা গেছে, আনিকার বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। ফলে লাল-সবুজ দলের হয়ে খেলতে তার কোনও সমস্যা নেই। মধ্যমাঠের পাশাপাশি দুই উইংয়েও খেলতে পারেন তিনি। সুইডেনের ক্লাব ব্রোমপোজকার্না-এর অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন আনিকা। চলতি মাসে সুইডিশ কাপে ক্লাবটির সিনিয়র দলের হয়েও তার অভিষেক হয়েছে।

এ প্রসঙ্গে বাটলার বলেন, “সে আন্তর্জাতিক ফুটবলেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তাকে দেখে আরও প্রবাসী ফুটবলার এ দেশে খেলতে আসুক—এটাও সে চায়। এখন দেখা যাক সে নিজেকে প্রমাণ করতে পারে কিনা। তবে সে খুবই ইতিবাচক।”

দশ দিনের এই ক্যাম্পে অবশ্য বাটলার সশরীরে উপস্থিত থাকবেন না। আগামী ৩১ জানুয়ারি থেকে নেপালে শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। ওই দলের কোচ হিসেবে নেপালে যাবেন তিনি। এ সময় ফিটনেস ট্রেনার ক্যামেরুন লর্ডের অধীনে চলবে ক্যাম্প।

বাটলার বলেন, “নেপাল থেকে আমি তাকে পর্যবেক্ষণ করবো। সে যদি ভালো করে, তাহলে ক্যাম্পে স্থায়ীভাবে থাকবে এবং এশিয়ান কাপের স্কোয়াডেও সুযোগ পেতে পারে। সব কিছুই তার ওপর নির্ভর করছে।”

সব মিলিয়ে জাপানি বংশোদ্ভূত মাতসুসিমা সুমাইয়ার পর জাতীয় দলে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ এখন আনিকার সামনে।