চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। তবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং রেকর্ড ১৫বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ শীর্ষ আটে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল অ্যানফিল্ডে লিগ পর্বের অষ্টম ও শেষ ম্যাচে কারাবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই জয়ে ৩৬ দলের টেবিলে তৃতীয় স্থানে শেষ করেছে তারা। এর আগে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ শেষ ষোলো নিশ্চিত করেছিল।
লিভারপুলের সঙ্গে শেষ ষোলোতে উঠেছে টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটিও।
অন্যদিকে, নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে ১-১ ড্র করায় নকআউট প্লে-অফ খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে। যেমনটা তারা গত মৌসুমেও করেছিল।
সাবেক কোচ হোসে মরিনহোর বেনফিকার মাঠে ৪-২ গোলের নাটকীয় হারে সরাসরি শেষ ষোলোতে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৯৮তম মিনিটে গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের গোলে শেষ প্লে-অফের টিকিট নিশ্চিত করে বেনফিকা।
২০২৩ সালের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ইতিহাদ স্টেডিয়ামে গ্যালাতাসারাইকে ২-০ গোলে হারিয়ে অষ্টম স্থান নিশ্চিত করেছে। গোল করেছেন আর্লিং হাল্যান্ড ও রায়ান শেরকি।
অপর দিকে, বেনফিকার বিপক্ষে শুরুটা দারুণ করেছিল রিয়াল। কিলিয়ান এমবাপ্পের হেডে লিড নেয় তারা। কিন্তু বিরতির আগে আন্দ্রেয়াস শেলদেরুপ ও ভাঙ্গেলিস পাভলিদিসের পেনাল্টিতে ম্যাচে ফেরে বেনফিকা। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোল করেন শেলদেরুপ। এরপর এমবাপ্পে আবার একটি গোল শোধ দিলেও লাভ হয়নি। উল্টো ইনজুরি টাইমে রাউল আসেনসিও ও রদ্রিগো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জনে পরিণত হয় রিয়াল। ম্যাচের শেষ দিকে ফ্রি-কিক থেকে গোলরক্ষক ত্রুবিনের হেডে নাটকীয় জয় নিশ্চিত করে বেনফিকা।