কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। আলবাসেতেকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন।
ম্যাচের ৩৯তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। চলতি মৌসুমের কোপা দেল রেতে এটি ছিল তার প্রথম গোল। বিরতির পর ১১ মিনিটের মাথায় র্যাশফোর্ডের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। ৮৭তম মিনিটে হাভি মোরেনোর সান্ত্বনাসূচক গোল কেবল ব্যবধানই কমাতে পেরেছে স্বাগতিকদের।
আগের রাউন্ডে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে আলোচনায় এসেছিল আলবাসেতে। এবার তাদের রূপকথার সেই অগ্রযাত্রায় ইতি টেনে দিয়েছে বার্সা।
২০০৫ সালের পর দুই দলের প্রথম দেখায় শুরু থেকেই আধিপত্য দেখায় হান্সি ফ্লিকের দল। ম্যাচের অষ্টম মিনিটেই প্রথম সুযোগ পায় বার্সা। দুর্ভাগ্য দানি ওলমোর দারুণ পাস থেকে র্যাশফোর্ডের শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা বলের দখল ধরে রাখলেও ইয়ামালের গোলের আগে পর্যন্ত লক্ষ্যে একটিও শট নিতে পারেনি।
ডিফেন্ডার মোরেনো গোল করে ব্যবধান কমালে শেষদিকে কিছুটা রোমাঞ্চ ছড়িয়েছিল আলবাসেতে। যোগ করা সময়ে ফেরান তোরেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে ব্যবধান আর বাড়েনি বার্সার।