এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২৬ মার্চ স্বাগতিক দলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে হবে গ্রুপ পর্বের শেষ লড়াই।
এর প্রস্তুতির অংশ হিসেবে আজ (মঙ্গলবার) ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী। পৌঁছেই তিনি জানান, আগের চেয়ে ভালো আছেন।
কিছু দিন আগে লেস্টার সিটির হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন হামজা। এরপর থেকে খেলার বাইরেও তিনি।
হ্যানয়ে দলের সঙ্গে যোগ দিয়ে এক প্রশ্নের উত্তরে হামজা চৌধুরী বলেন, “না, কোনও সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বেশ ভালো বোধ করছি। সবকিছু ঠিকঠাক লাগছে, তাই ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ ফিট থাকবো এবং খেলার জন্য প্রস্তুত থাকবো।”
ইংল্যান্ড থেকে ভিয়েতনামে যাত্রা নিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার বললেন, “ভ্রমণটা ভালোই ছিল, ১৫ ঘণ্টার পথ। তবে, ইস্তাম্বুলে একটা যাত্রা বিরতি ছিল, তাই খুব একটা কষ্ট হয়নি। আমি সবকিছু গুছিয়ে রেখেছিলাম বলে সব ঠিকঠাক হয়েছে, আলহামদুলিল্লাহ। খেলার জন্য মুখিয়ে আছি। আগামীকাল আমি অনুশীলন করবো দলের সঙ্গে। এরপর ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি খেলবো।”