আজ আসিয়ান চ্যাম্পিয়ন ভিয়েতনামের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়?

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার ও অপেক্ষাকৃত নিচের সারির দক্ষিণ-পূর্ব এশিয়ার দলের বিপক্ষে বেশি খেললেও এবারই প্রথম এই অঞ্চলের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের যাচাইয়ের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আজ  হ্যানয়ে বৃহস্পতিবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। 

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি মাঠে গড়াবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

লাল-সবুজের প্রতিনিধিরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। কারণ প্রতিপক্ষ ভিয়েতনাম বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৩তম স্থানে। বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে তারা (বাংলাদেশ ১৮১)। এটি চলতি বছরে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবল টুর্নামেন্ট আসিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ভিয়েতনাম তিনবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে। আজকের ম্যাচটি নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনাম। 

এর আগে ২০০২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ২০০১ সালে দাম্মামে দুই দলের দেখা হয়েছিল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করলেও পরের ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে।