লেভানদোভস্কির শেষ মুহূর্তের গোলে শিরোপার আরও কাছে বার্সেলোনা

লা লিগায় দিনের শুরুতে মায়োর্কার কাছে ২-১ গোলে হার দেখেছে রিয়াল মাদ্রিদ। তার পর সেই সুযোগে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শিরোপা ধরে রাখার মিশনে বড় একধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। ১০ জনের অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে তারা। 

এই জয়ে কোপা দেল রেতে একই মাঠে ৪-০ গোলের হারের প্রতিশোধও নেওয়া হলো বার্সার। দুই দল আবার মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও। 

টানা ষষ্ঠ লিগ জয়ে বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে। আট ম্যাচ বাকি থাকতে মায়োর্কার কাছে রিয়ালের ২-১ গোলের অপ্রত্যাশিত হার শিরোপার লড়াইয়ে বড় প্রভাব ফেলেছে। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে বার্সা পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। 

ম্যাচের ৮৭ মিনিটে রবের্ত লেভানদোভস্কির জয়সূচক গোলটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে। এর আগে প্রথমার্ধের ৩৯ মিনিটে জুলিয়ানো সিমিওনে অ্যাতলেতিকোকে এগিয়ে নিলেও তার জবাব দেন মার্কাস র‍্যাশফোর্ড। তাতে বার্সা সমতায় ফেরে ৪২ মিনিটে। 

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিকোলাস গনসালেস লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধজুড়ে ১০ জন নিয়েই খেলেছে অ্যাতলেতিকো। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড মার্টিন লাল কার্ড দেখলেও পরে ভিএআর পর্যালোচনায় সেটি বাতিল হয়ে হলুদ কার্ডে রূপ নেয়। এই সিদ্ধান্তকে ঘিরে অ্যাতলেতিকো খেলোয়াড় ও স্টাফদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শেষ পর্যন্ত সেই সুযোগই কাজে লাগায় বার্সেলোনা।