মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলকে আর্থিক পুরস্কার এবং ক্রীড়া কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
৬ এপ্রিল ছিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। বিশেষ সেই দিনটিতেই সাফজয়ী ফুটবলারদের সম্মাননা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি ভবিষ্যতে ফুটবলারদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাসও দেন।
এদিন সাফ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। ২৩ ফুটবলারকে লাখ টাকার চেকের পাশাপাশি ক্রীড়া ভাতা কার্ডও দিয়েছে। অবশ্য এই কার্ড পেলেও প্রতি মাসে ভাতা পাবেন না তারা। তরুণ ফুটবলারদের উজ্জ্বীবিত করতে আজ ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। এই ফুটবলাররা যখন সিনিয়র দলে থাকবেন তখন এর আওতায় আসবেন।