দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং আজ শুক্রবার (১০ এপ্রিল) মুখোমুখি হতে যাচ্ছে। হয়তো এমন খবর অনেকেই জানেন না। আগের সেই জৌলুশ যে নেই। তারপরও দুই দলের ম্যাচ মানে অন্যরকম আমেজ।
আন্তর্জাতিক বিরতির পর কুমিল্লায় দুই দলের জমজমাট এক ম্যাচ দিয়েই ফিরছে বাংলাদেশ ফুটবল লিগের খেলা। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়। ফুটবল লিগের খেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল টি-স্পোর্টস। এই মৌসুমে লিগে এটি দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম দেখায় দারুণ এক রোমাঞ্চকর ম্যাচই উপভোগ করেন কুমিল্লার ফুটবল সমর্থকেরা। ৫ গোলের সেই ম্যাচটিতে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছিল সাদা-কালোরা। তাই আজ প্রশ্ন এসেই যায় আবাহনী কি প্রতিশোধ নিতে পারবে নাকি মোহামেডান জয়ের ধারায় থাকবে।’
ঢাকা ডার্বিতে লিগের প্রথম দেখায় আবাহনীকে হারিয়ে মোহামেডান এগিয়ে গেলেও লিগ টেবিলে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৮ ম্যাচের লিগে ১১ রাউন্ড শেষে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংস। ১৯ পয়েন্ট নিয়ে তিনে থাকা আবাহনীর জন্য আজকের ম্যাচটি শিরোপার দৌড়ে টিকে থাকার। অন্যদিকে মাত্র ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা মোহামেডানের জন্য লড়াইটা অনেকটাই নিজেদের অবস্থান ধরে রাখার।
আবাহনীর কোচ মারুফুল হক বাংলা ট্রিবিউনকে আগেই বলেছেন, ‘আমাদের লিগে শিরোপা পাওয়া সম্ভব। এখনও আমরা আশাবাদী। তবে এর জন্য সামনের ম্যাচগুলো ভালো খেলতে হবে। পয়েন্ট পেতে হবে।’
তবে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ বলেছেন, ‘বারবার লম্বা বিরতি পড়লে খেলার জৌলুশ থাকে না। আবার সেই প্রথম থেকে শুরু করতে হয়। গতবার বিদেশি ফুটবলার ছিল চার জন, এবার তিন জন। তাছাড়া আমরা সার্ক কোটায় কোনেও খেলোয়াড় নিইনি। এসবই দলের খারাপ করার অন্যতম কারণ। তবে আজ ভালো খেলার চেষ্টা থাকবে। জিতে এগিয়ে যাওয়ার লক্ষ্য সবার।’
গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশ ফুটবল লিগে বারবার বিরতি পড়েছে জাতীয় দলের ম্যাচের জন্য, মাঝে খেলা বন্ধ থেকেছে জাতীয় নির্বাচনের কারণে। ফুটবলাররা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন। তবে বাফুফের সূচি অনুযায়ী আজ থেকে লিগ শুরু হয়ে আর বিরতি নেই। বাকি আট রাউন্ড একটানা চলবে, লিগ শেষ হওয়ার কথা ২৩ মে।
একই দিনে বাংলাদেশ ফুটবল লিগে ম্যাচ রয়েছে আরও দুটি। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ফকিরেরপুলকে মোকাবিলা করবে ব্রাদার্স ইউনিয়ন। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডির প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এই দুটি ম্যাচও মাঠে গড়াবে বিকাল সাড়ে ৩টায়।