ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াই আরও জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে ৩ পয়েন্টে। সিটির হাতে এখনও রয়েছে একটি ম্যাচ। বার্নলির বিপক্ষে সেই ম্যাচ জিতলে আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে। কিন্তু সিটি কোচ পেপ গার্দিওলা ভীষণ বাস্তববাদী।
পুরো ম্যাচজুড়ে বেশ আবেগপ্রবণ থাকা গার্দিওলা খেলা উপভোগ করেছেন কি না—এমন প্রশ্ন হাস্যকর ভঙ্গিতে তা উড়িয়ে দেন। শুধু বলেছেন, ‘উপভোগ—এটা সঠিক শব্দ নয়। এই ম্যাচ আমাদের আশা দিয়েছে, এটাই সব।’
তিনি আরও বলেছেন, ‘ম্যাচ শেষে ছেলেদের বলেছি, মুহূর্তটা উপভোগ করো, কিন্তু মনোযোগ হারিও না। আমরা কাছাকাছি আছি, কিন্তু বাস্তবতা হলো শীর্ষে কে? আমরা নই।’
গোল ব্যবধানেও এগিয়ে আর্সেনাল। সেই কথা উল্লেখ করে সিটি কোচ বলেছেন, ‘গোল ব্যবধান (পয়েন্ট সমান হলে) কার ভালো? তাদের। তবে অবশ্যই আমাদের আশা আছে—লড়াই চালিয়ে যাওয়ার, বেঁচে থাকার।’
গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি প্রায়ই এসে শেষভাগে ছন্দ খুঁজে পায়। আর তখনই শিরোপার পথ থেকে ছিটকে যায় আর্সেনাল। শেষ মুহূর্তের ধারাবাহিক জয়ে সমাপ্তিটা ঘটে চিরচেনা নীল উৎসবে।
গার্দিওলা অবশ্য গানারদেরই প্রশংসায় ভাসিয়েছেন, ‘অনেকে বলে তাদের মোমেন্টাম নেই। কিন্তু তাদের খেলা দেখলে—ডুয়েল, লং বল, সেকেন্ড বল, সেট পিস—সবখানেই তারা অসাধারণ। না হলে পুরো মৌসুম শীর্ষে থাকা সম্ভব নয়।’
সিটির হয়ে এদিন গোল করেন রায়ান শেরকি ও আর্লিং হাল্যান্ড। শেরকির ১৬ মিনিটের গোলের পর আর্সেনালকে ১৮ মিনিটে সমতায় ফেরান হাভার্টজ। পরে ৬৫ মিনিটে সিটিকে জয়সূচক গোলটি এনে দেন হাল্যান্ড।