রাতে বাংলাদেশ-সান মারিনো ম্যাচ, দেখবেন কোথায়?

আজ শুক্রবার ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে লড়তে যাচ্ছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে এবারই প্রথম ইউরোপের কোনও দলের বিপক্ষে তাদের মাঠে খেলার অপেক্ষায় জামাল ভূঁইয়ারা। শুক্রবার রাত ১১টায় ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস। 

ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে তলানির দল সান মারিনো (২১১)। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১। এই ম্যাচ দিয়েই নতুন হেড কোচ থমাস ডুলি-অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশের। 

ইউরোপে প্রথমবার খেলার সুযোগ তৈরি হলেও ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে আগেও খেলেছে বাংলাদেশ। এর আগে ২০০১ সালে নেহরু কাপে ভারতের কোচিতে ইউরোপের বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলেছিল তারা। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল জর্জ কোটানের দল। বাংলাদেশের মতো সান মারিনো দলও প্রথমবার এশিয়ার কোনও দলের বিপক্ষে খেলবে। 

সান মারিনোর বিপক্ষে ম্যাচ নিয়ে আগেই হামজা চৌধুরী বলেছেন, ‘নিঃসন্দেহে তাদের (সান মারিনো) বিপক্ষে ম্যাচ সহজ হবে না। তারা (সান মারিনো) বড় দলের বিপক্ষে খেলে থাকে। তারা হার্ড কোয়ালিটির, আমাদের জন্য ইউরোপের মাটিতে এটা প্রথম ম্যাচ। সবমিলিয়ে আমাদের জন্যই ভালো। আমি খবুই এক্সাইটেড ইউরোপের দল এবং সান মারিনোর বিপক্ষে খেলতে পারবো।’