বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি

নিউজার্সির রেডস বুল মাঠে টানা আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার অনুশীলন। এরপরই মেটলাইফ স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে হাজির হলেন ব্রাজিলের ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। ২০২৫ সালের মে মাসে ‘সেলেসাও’দের ডাগআউটের দায়িত্ব নেওয়ার পর থেকেই চাপের পারদটা ভালোই টের পাচ্ছেন এই বর্ষীয়ান কোচ। ২০০২ সালের পর দীর্ঘ দুই যুগ ধরে ব্রাজিল আর বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় পরতে পারেনি। তাই এবার উত্তর আমেরিকা বিশ্বকাপে ইতালিয়ান এই ট্যাকটিশিয়ানকে বড় ভরসা মেনে নিয়ে এসেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ক্লাব ফুটবলে সম্ভাব্য সব সাফল্য পাওয়া আনচেলত্তির জাতীয় দলের হয়ে এটিই প্রথম অ্যাসাইনমেন্ট। স্বাভাবিকভাবেই শুধু ব্রাজিলের ২২ কোটি জনসংখ্যা নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি সেলেসাও ভক্তের প্রত্যাশার চাপ তাকে ভালোভাবেই আন্দোলিত করছে। মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাই একের পর এক কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হলো তাকে। আর সব উত্তরণেই মিলল বাস্তবতা ও আশাবাদের এক দারুণ সংমিশ্রণ।

ব্রাজিলের শক্তি নিয়ে 

রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ২০০২ সালে শিরোপা জিতেছে তারপর আর হয়নি। আনচেলত্তি এক প্রশ্নের উত্তরে বলেছেন, “ব্রাজিল এমন একটি দল যে সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা নিশ্চিত যে, বিশ্বের যেকোনও দলের সঙ্গে লড়াই করতে পারবো। টেকনিক্যাল দিক দিয়ে যেমন এই দলের মান রয়েছে, তেমনি চরিত্র এবং অভিজ্ঞতার দিক থেকেও এটি সমৃদ্ধ। আমাদের পূর্ণ আত্মবিশ্বাস আছে আমরা সবার সঙ্গে লড়াই করতে পারবো।” 

ভয় পাওয়াটা জরুরি

আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো। গতবার কাতার বিশ্বকাপে শেষ চারে উঠে চমক দেখিয়েছিল। ব্রাজিল দল প্রতিপক্ষ নিয়ে কী ভাবছে। ভয় পাচ্ছে কিনা— এমন প্রশ্নে আনচেলত্তির জবাব, “ভয় জীবনের গুরুত্বপূর্ণ উপাদান। কারণ আপনার যদি ভয় না থাকে এবং আপনার সামনে একটা সিংহ পড়ে, তবে আপনার কাছে ওটাকে একটা বিড়াল মনে হবে। ভয় একটি মৌলিক অংশ, এটি জীবন বাঁচায়। এগুলো এমন কিছু মুহূর্ত যখন আপনাকে চিন্তাভাবনা করতে হয়, যাতে আপনার দল সম্ভাব্য সেরা খেলাটি উপহার দিতে পারে। আমি স্বভাবগতভাবেই খুব আশাবাদী। আমার মনে হয় দল আগামীকালের ম্যাচের জন্য এবং বিশ্বকাপের জন্য খুব ভালোভাবে প্রস্তুত।”  

জাতীয় দলের জন্য আনচেলত্তি কেন সঠিক কোচ? 

ক্লাবের পর জাতীয় দলের কোচিংয়ে ইতালিয়ান কোচ। তিনি এই কাজে কতোটুকু ফিট। ব্রাজিল কোচের উত্তর, “আমি জানি না, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কঠিন। সত্যি বলতে, আমি খুব ভালো বোধ করছি। এই অবস্থানে থেকে এই অসাধারণ দেশটির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। আশা করি, এই দলকে সফল করার জন্য প্রয়োজনীয় কাজগুলো আমি করতে পারবো।” 

ওয়েসলির বাদ পড়া এবং এদেরসনের অন্তর্ভুক্তি 

শেষ মুহুর্তে দলের তারকা ওয়েসলি বাদ পড়েছেন। এদেরসন এসেছেন। কার্লোস আনচেলত্তি বলেছেন, “কোনও খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া আমার কাজের এমন একটা দিক যা আমি মোটেও পছন্দ করি না, কারণ এটি খুবই দুঃখজনক। কিন্তু এছাড়া আর কোনও উপায় ছিল না। সে বেশ গুরুতর আঘাত পেয়েছিল এবং এই বিশ্বকাপের মধ্যে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ছিল না। আমরা এদেরসনকে নিয়ে মিডফিল্ডকে কিছুটা শক্তিশালী করতে চেয়েছি, যে কিনা মৌসুমের শেষদিকে খুব ভালো ফর্মে ছিল।” 

আপনি কি বিশ্বাস করেন ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারে?

২০০২ সালের পর এবার কি ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারবে। আনচেলত্তি বলেছেন, “চ্যাম্পিয়ন হওয়া বা জেতার কথা নিশ্চিত করে বলা কঠিন, তবে আমরা লড়াই করতে পারি। আর আমরা জেতার জন্যই লড়াই করতে পারি। জেতার জন্য খুঁটিনাটি বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন, তবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান অনুভূতি ইতিবাচক। এই বিশ্বকাপ নিয়ে আমরা আত্মবিশ্বাসী, শুধু প্রথম ম্যাচটি নিয়ে নয়, কারণ এটি প্রতিযোগিতার কেবল প্রথম ম্যাচ। আমরা খেলার জন্য ইতোমধ্যেই প্রস্তুত।” 

মরক্কোর সঙ্গে দ্বৈরথ 

মরক্কো নিয়ে ৬৭ বছর বয়সীর সোজা কথা, “আমি একটি দলের ওপরই মনোযোগ দিয়েছি। মরক্কো অত্যন্ত শক্তিশালী একটি দল, তাদের দলে উচ্চমানের খেলোয়াড় রয়েছে যাদের অনেকেই ইউরোপে খেলছেন এবং দারুণ সফল। এই দলটির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমার বিশ্বাস, এটি দেখার মতো খুব, খুবই সুন্দর একটি ম্যাচ হবে। দর্শকদের কথা বলতে গেলে, আমরা এমনভাবে খেলবো যাতে সাধারণ মানুষ খেলাটি উপভোগ করতে পারে। আমি বিশ্বাস করি মাঠে ব্রাজিল এবং মরক্কো— উভয় দলেরই অনেক সমর্থক থাকবেন।” 

মরক্কো নামের ওই ‘সিংহকে’ কীভাবে ‘বিড়ালছানা’ বানিয়ে ছাড়বেন?

আনচেলত্তির পরিস্কার কথা, “মরক্কো অত্যন্ত সুসংগঠিত একটি দল, সব দিক থেকেই তাদের মান রয়েছে। আমাদের সবদিক থেকে একটি নিখুঁত ম্যাচ খেলতে হবে। রক্ষণভাগ (ডিফেন্স), আক্রমণভাগ (অফেন্স) বা ট্রানজিশনের কোনোটিই আমরা ভুলে যেতে পারি না। রক্ষণভাগে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং সেট পিস খেলায় শক্তিশালী হতে হবে, কারণ সেখানে আমাদের দক্ষতা রয়েছে। আধুনিক ফুটবলে কোনও ছোট দল নেই; মরক্কো আফ্রিকার অন্যতম সেরা দল। তারা আফ্রিকা কাপ অব নেশনসে রানার্স-আপ নাকি চ্যাম্পিয়ন হয়েছে— আমি সেই বিতর্কে যেতে চাই না, তবে তারা অত্যন্ত প্রস্তুত এবং শক্তিশালী একটি দল।”  

স্পেন একাই ফেভারিট নয়, বিশ্বকাপ হবে ভারসাম্যপূর্ণ 

চলমান বিশ্বকাপে স্পেনকে মূল ফেভারিট ধরা হচ্ছে— এমন মন্তব্যে কিছুটা দ্বিমত পোষণ করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই গুরু। আনচেলত্তি বলেন, “স্পেন অন্যতম ফেভারিট হতে পারে, তবে তারাই একমাত্র দল নয়। এই মুহূর্তে বিশ্বকাপে স্পষ্ট বা একক কোনও ফেভারিট দল নেই। আমার মনে হয় এটি খুব ভারসাম্যপূর্ণ একটি বিশ্বকাপ হতে যাচ্ছে, যেখানে অনেক দলেরই শেষ পর্যন্ত লড়াই করে ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে।”