ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনহো আগামী ১৫ নভেম্বর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব র্যাভেনার হয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফরলির বিপক্ষে খেলবেন ৪৬ বছর বয়সী এই সাবেক তারকা। শুক্রবার (২৩ অক্টোবর) ক্লাবটি এ ঘোষণা দিয়েছে।
বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই ফরোয়ার্ড ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। ২০০৫ সালে তিনি জেতেন ব্যালন ডি’অর। পেশাদার ফুটবলে সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন রোনালদিনহো। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।
গত জুনে রোনালদিনহোকে দলে ভেড়ায় র্যাভেনা। পরে তিনি ক্লাবটির মালিকানার অংশীদারও হন। ক্লাবটির মালিক তাঁর বন্ধু ইগ্নাজিও চিপ্রিয়ানি। চিপ্রিয়ানি বলেছেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো পুরো শহরকে ক্লাবটির আরও কাছাকাছি নিয়ে আসা।
গত আগস্টে ইতালিতে যাওয়ার পর রোনালদিনহো সরাসরি নিশ্চিত করেননি যে তিনি মাঠে খেলবেন কি না। তবে নিজের ক্যারিয়ারের ৩০০তম গোল করার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি এখানে সাহায্য করতে এসেছি।’
ফরলির বিপক্ষে ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হবে র্যাভেনার স্তাদিও ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামে। সিরি-সি’র গ্রুপ ‘বি’-তে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে র্যাভেনা। শীর্ষে থাকা স্পেজিয়ার চেয়ে তারা আট পয়েন্ট পিছিয়ে।
সূত্র: রয়টার্স