বিশ্বকাপের প্রথম ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে অস্ট্রেলিয়া। যেখানে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার কীর্তি গড়েছেন ইরানকুন্দা।
ফিফা র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার নিচে অবস্থান করলেও ম্যাচের আগে তুরস্ককে ফেবারিট হিসেবে ভাবা হচ্ছিলো। গোল হজমের পর তারা আক্রমণের তীব্রতা বাড়িয়েছিল এবং সমতায় ফেরার জন্যও একের পর এক চেষ্টা চালিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার দৃঢ় রক্ষণ ও গোলরক্ষকের দক্ষতায় সফল হতে পারেনি তারা। এই জয়ে ‘ডি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের সমান তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া।
ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছিল ২০০২ সালের পর বিশ্বকাপে ফেরা তুরস্ক। কিছু সময় পরই পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে ভোগানোর সুযোগ খুঁজে পায় অস্ট্রেলিয়া। বিশেষ করে মোহাম্মদ তুরে ও ইরানকুন্দার গতিকে কাজে লাগিয়ে একাধিকবার দ্রুত আক্রমণে ওঠে তারা।
প্রথম গোলটিও আসে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে। গোলরক্ষক বিচের দ্রুত থ্রো থেকে আক্রমণের সূচনা হয়। পরে ওকন নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন এগিয়ে যেতে থাকা ইরানকুন্দার পথে। ২৭ মিনিটে সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা এই আফ্রিকান ফরোয়ার্ড। সামনে এগিয়ে আসা গোলরক্ষক চাকিরকে পরাস্ত করে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে তুরস্ক। তবে অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত। খেলোয়াড়রা দ্রুত পেছনে নেমে এসে জায়গা কমিয়ে ফেলে। বিরতির পরও অস্ট্রেলিয়ার আক্রমণের জবাব দিতে পারেনি তুরস্ক। আবার প্রতি আক্রমণে ৭৫ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় তারা। গোলটি করেছেন কনর মেটকাফে।
অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল গোলকিপার প্যাট্রিক বিচেরও। বেশ কিছু সেভ করে স্মরণীয় জয় পেতে ভূমিকা রাখেন তিনি।