দুর্ভাগ্য সেনেগালের, ফ্রান্সের বিপক্ষে গোল পাওয়া হলো না

মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছিলেন। সমস্বরে ‘ওলে, ওলে, ওলে’ ধ্বনি দিয়ে যাচ্ছিলেন। সবকিছুই যেন ফ্রান্সের জন্য। কিন্তু এমবাপ্পেরা আপাতত সমর্থকদের মন জয় করতে পারেননি। বরং সেনেগাল আর একটু হলেই লিড পেতে পারতো। বিশ্বকাপ ফুটবলে দুই দলের প্রথমার্ধ তাই গোলশূন্য সমতায় শেষ হয়েছে।

গ্রুপ ‘আই’-এর ম্যাচে ৪-২-৩-১ ছকে খেলছে ফ্রান্স। আক্রমণে এগিয়ে ছিল দেশমের দল। তবে ক্লিয়ার কোনো সুযোগ বের করতে পারেনি। এমবাপ্পে ছিলেন নিজের ছায়া হয়ে।

ম্যাচের ১০ ও ১৩তম মিনিটে এমবাপ্পে সুযোগ পেয়েছিলেন। কিন্তু পোস্টে শট নেওয়ার আগেই সেনেগালের ডিফেন্ডার ক্লিয়ার করেন। রিয়াল মাদ্রিদের তারকাকে কোনো সুযোগই দেওয়া হয়নি। কুলিবালি ও ক্রেপিন দিয়াতা ভালোই মার্কিং করে রেখেছেন।

দেম্বেলেও চেষ্টা করেছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। ১৮ মিনিটে দেম্বেলের শট দিয়াতা ক্লিয়ার করে পোস্টের দিকে বল যেতে দেননি। সেনেগাল প্রতি আক্রমণ থেকে সিংহের মতো গর্জে উঠেছে।

২৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে সেনেগাল আর একটু হলেই গোল পেতে পারতো। সতীর্থের দারুণ এক পাস থেকে বক্সে ঢুকে নিকোলাস জ্যাকসনের শট পোস্টের নিচে লেগে প্রতিহত হওয়ায় অল্পের জন্য গোল পাওয়া হয়নি সেনেগালের। শুধু তাই নয়, বল পোস্টে লেগে আবার গোলরক্ষকের পায়ে লেগে গোললাইন পর্যন্ত এসে থেমে যায়।

৩৯ মিনিটে কুন্দের কাটব্যাক থেকে ঠিকভাবে নিজের পায়ে বল জমাতে পারেননি এমবাপ্পে। বল মিস হলে আর শট নেওয়া সম্ভব হয়নি।

যোগ করা সময়ের শেষ মিনিটে ইসমাইলা সার সহজ সুযোগ মিস করলে আক্ষেপ বাড়ে সেনেগালের। সাদিও মানের পাসে ইসমাইলা ফাঁকায় থেকে পোস্টের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।

এর আগে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম একই জাতীয় দলকে চারটি বিশ্বকাপে কোচিং করানো ইতিহাসের ষষ্ঠ কোচ হিসেবে নিজের পথচলা শুরু করেন। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা চারটি বিশ্বকাপেই তিনি ফ্রান্সের দায়িত্বে আছেন।

ফ্রান্স একাদশ: এদুয়ার্দ মেন্দি (গোলরক্ষক), ক্রেপিন দিয়াতা, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিউফ, লামিনে কামারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে।

সেনেগাল একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে।