রিয়াল মাদ্রিদের অগ্নিপরীক্ষা আজ

রিয়ালচ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাব ভলফসবুর্গের বিপক্ষে তাদের মাঠে ২-০ গোলে হেরে যায় রিয়াল। ইউরোপ সেরার এই টুর্নামেন্টের সেমিতে উঠতে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভলফসবুর্গকে ৩-০ গোলে হারাতে হবে রিয়ালকে। এমন কঠিন সমীকরণ নিয়েই মাঠে নামবেন রোনালদো-বেনজামারা।

তবে সীমকরণকে খুব একটা পাত্তা দিচ্ছে না রিয়াল। টানা ষষ্ঠবারের মতো শেষ চারে উঠতে আত্মবিশ্বাসের কমতি নেই রোনালদোর। তিনি বলেন, 'আশা করি, এটা একটা জাদুকরী রাত হবে। দল আত্মবিশ্বাসী, কোচের বিশ্বাস আছে এবং সমর্থকদেরও বিশ্বাস রাখতে হবে।'

চাইলে অবশ্য ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারেন রোনালদোরা। ১৯৭৫ সালের ইউরোপিয়ান কাপে ইংল্যান্ডের ক্লাব ডার্বি কাউন্টির মাঠে ৪-১ গোলে হারের পর ফিরতি পর্বে ৫-১ গোলে জিতেছিল রিয়াল। এরপর ১৯৮৫ উয়েফা কাপের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল রিয়াল। তবে ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে ফাইনালে উঠেছিল তারা।

তবে হতাশার চিত্রও কম নয়। ২০০২ সালের পর থেকে এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে আটবার প্রথম লেগে হেরেছে দলটি, যার কোনওবার তারা পরের পর্বে উঠতে পারেনি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে রিয়াল-ভলফসবুর্গের গুরুত্বপূর্ণ ম্যাচটি।

/এমআর/