আনচেলত্তির মন্তব্যকে প্রশংসা হিসেবেই দেখছেন স্ক্যালোনি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে মন্তব্য করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। যদিও সেই মন্তব্যকে ইতিবাচক চোখেই দেখছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।

আনচেলত্তি বলেছেন যে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা নিরবচ্ছিন্ন প্রেসিং ও উচ্চগতির ফুটবলের ওপর নির্ভর করে না। অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্ক্যালোনি এর জবাবে বলেছেন, ‘আমি বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছি। তিনি আমাদের সম্পর্কে ভালো কথাই বলেছেন, খারাপ কিছু বলেননি। তিনি যা বলেছেন, আমি তা ভালোভাবেই বুঝেছি। তিনি স্প্যানিশ, ইতালিয়ান ও পর্তুগিজ ভাষার মিশ্রণে কথা বলেছিলেন, তাই হয়তো বিষয়টি পুরোপুরি পরিষ্কার ছিল না। আমি এটিকে প্রশংসা হিসেবেই বুঝেছি, সমালোচনা হিসেবে নয়। এ ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত।’

আধুনিক ফুটবলে ইনটেনসিটি বা তীব্রতার প্রচলিত ব্যাখ্যা নিয়েও প্রশ্ন তোলেন আর্জেন্টাইন কোচ। তার মতে, শুধু অবিরাম দৌড়ঝাঁপ বা চাপ সৃষ্টি নয়, কৌশলগত সচেতনতা ও রক্ষণাত্মক ভঙ্গিতে সংগঠন অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ, ‘ইনটেনসিটি বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, সেটি আগে দেখতে হবে। বল আপনার দখলে না থাকলে প্রতিপক্ষ যেন আপনাকে ক্ষতি করতে না পারে, সেটি নিশ্চিত করার চেষ্টা করতে হবে। খুব বেশি দল নেই যারা পুরো মাঠজুড়ে ম্যান-টু-ম্যান মার্কিং করে এবং উঁচু লাইনে প্রেসিং চালায়। দলগুলো এখন মাঝমাঠকে শক্তিশালী করে তোলে, আর সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হচ্ছে।’