বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ৪-৪-২ ছকে মাঠে নেমেছ আর্জেন্টিনা। ম্যাচ শুরু হয়েছে রাত ১১টায়।
লিওনেল স্ক্যালোনির দল বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ আটটি ম্যাচেই জয় পেয়েছে তারা। এই সময়ে প্রতিপক্ষের জালে ২৪ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র একটি। এর আগে ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত টানা নয় ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল আলবিসেলেস্তেরা।
এ ছাড়া ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পর থেকে বিশ্বকাপে টানা সাত ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। এই সময়ে তাদের অর্জন পাঁচ জয় ও দুটি ড্র।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষেও সাম্প্রতিক সময়ে বেশ সফল আর্জেন্টিনা। ইউরোপের দলের বিপক্ষে শেষ আটটি গ্রুপ ম্যাচে মাত্র একবার হেরেছে তারা। বাকি ম্যাচগুলোর মধ্যে চারটিতে জয় এবং তিনটিতে ড্র করেছে। একমাত্র হারটি আসে ২০১৮ বিশ্বকাপে। সেবার ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিল তারা।