বিলম্বিত হতে পারে ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচ!

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভোর ৪টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ব্রাজিল। তাতে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রাকৃতিক দুর্যোগ! ঝড়ো আবহাওয়ার কারণে ম্যাচটা বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, ফ্লোরিডায় ম্যাচটি শুরু হওয়ার কথা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। তবে মায়ামির সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ শুরুর আগে দীর্ঘ অপেক্ষার মুখে পড়তে পারেন দর্শকরা। মায়ামিতে বিকালের শেষ ভাগে তাপমাত্রা পৌঁছাতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে আর্দ্রতার মাত্রা ৬০ শতাংশেরও বেশি হতে পারে। এ ছাড়া দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত এলাকাজুড়ে বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে।

ম্যাচ শুরুর আগে কিংবা খেলা চলাকালে হার্ড রক স্টেডিয়ামের আট মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে কিক-অফ বিলম্বিত হতে পারে অথবা চলমান ম্যাচ সাময়িকভাবে স্থগিত করা হতে পারে।