মেক্সিকোর সামনে দাঁড়াতেই পারেনি চেকরা, বিশ্বকাপ থেকে বিদায়

এবারের বিশ্বকাপে দাপট দেখিয়েই যাচ্ছে স্বাগতিক মেক্সিকো। গ্রুপ পর্বের সবকটি ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। গোটা ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পা রেখেছে দ্বিতীয় রাউন্ডে। নিজেদের শেষ ম্যাচেও চেক রিপাবলিককে ৩-০ গোলে পরাজিত করে মেক্সিকো। গ্রুপ পর্বের তিন ম্যাচেই কোনও গোল হজম করেনি দলটি।

বৃহস্পতিবার মেক্সিকো সিটি স্টেডিয়ামে মাঠে নামে দুই দল। মেক্সিকো আগেই দুই ম্যাচ জিতে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছিল। এই ম্যাচটি ছিল এই পর্বে তাদের শেষ ঝলক দেখানোর সুযোগ। আর চেকদের সামনে ছিল দ্বিতীয় রাউন্ডে পা রাখার সমীকরণ। মেক্সিকোকে হারাতে পারলে গ্রুপে দ্বিতীয় হওয়ার সুযোগ থাকতো।

কিন্তু মেক্সিকো তাদের সব হিসাব নিকাশ ওলটপালট করে দেয় ম্যাচের ৫৫ মিনিটে। মাতেও শাভেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর ৬ মিনিট পর ফের আঘাত। এবার দলের উইঙ্গার কুইনোনেস। ব্যবধান বেড়ে যায় ২-০-তে।

ম্যাচের সময় বাকি থাকলেও চেকদের সামনে দুর্গ হয়ে দাঁড়ায় মেক্সিকোর রক্ষণ। শেষ সময়ে ম্যাচে ফিরতেতো পারেনি উল্টো ৯৪ মিনিটে হজম করতে হয়েছে আরেক গোল। 

নিজেদের তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে গেলো স্বাগতিকরা। বিপরীতে তিন ম্যাচের দুটিতে পরাজয় ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করে মাত্র এক পয়েন্ট পেয়েছে চেক রিপাবলিক। তাদের বিশ্বকাপ গ্রুপ পর্বেই শেষ হলো।