তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে

বিশ্বকাপ-২০২৬ এর গ্রুপ এ, বি ও সি-এর তিন ম্যাচ করে সম্পন্ন হয়েছে। অর্থাৎ এই তিন গ্রুপ থেকে কারা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে ও কারা বাদ পড়ছে তা অনেকটা নিশ্চিত। এই তিন গ্রুপ থেকে রাউন্ড অব ৩২-এ যাওয়া দলগুলোর কার সঙ্গে কার খেলা পড়ছে সেটি দেখে নেওয়া যাক।

গ্রুপ-এ থেকে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা; গ্রুপ-বি থেকে সুইজারল্যান্ড, কানাডা ও গ্রুপ-সি থেকে ব্রাজিল, মরোক্কো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আর গ্রুপ-এ থেকে দক্ষিণ কোরিয়া ৩, বি থেকে বসনিয়া ৪ ও সি থেকে স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডের আশা এখনও টিকিয়ে রেখেছে।

কার মুখোমুখি কে হচ্ছে

রাউন্ড অব ৩২-এ গ্রুপ-এ থেকে দ্বিতীয় হয়ে প্রথমবার গ্রুপ পর্ব পার করা দক্ষিণ আফ্রিকা লড়বে গ্রুপ-বি-এর দ্বিতীয় দল কানাডার সঙ্গে। আগামী ২৮ জুন লস এঞ্জেলেস স্টেডিয়ামে এই খেলা হবে।

গ্রুপ-সি থেকে দ্বিতীয় হওয়া মরোক্কো লড়বে গ্রুপ-এফ এর চ্যাম্পিয়নদের সঙ্গে। গ্রুপ-এফ নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন- যেকোনও দল এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। তবে নেদারল্যান্ডস হওয়ার সম্ভাবনাই বেশি। ২৯ জুন মন্টারি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে।

গ্রুপ-সি-এর শীর্ষ দল ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ-এফ রানারআপদের। এ ক্ষেত্রে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন- যেকোনও একটি দলকে পেতে পারে। এ ক্ষেত্রে জাপান বা সুইডেনের সম্ভাবনা বেশি। ২৯ জুন হুউস্টন স্টেডিয়ামে ব্রাজিল ম্যাচটিতে মাঠে নামবে।

গ্রুপ-এ এর শীর্ষ দল মেক্সিকোর মুখোমুখি হবে গ্রুপ সি, ই, এফ, এইচ ও আই থেকে তৃতীয় হওয়া যেকোনও একটি দল। এ ক্ষেত্রে স্কটল্যান্ড, ইকুয়েডর, সুইডেন, কেপ ভার্দে বা অন্য কোনও দল আসতে পারে। এই ম্যাচটি ৩০ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে হবে।

গ্রুপ-বি উইনার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গ্রুপ ই, এফ, জি, আই জে থেকে তৃতীয় হওয়া যেকোনও একটি দল। এ ক্ষেত্রে ইকুয়েডর, সুইডেন, ইরান, সেনেগাল বা আলজেরিয়ার মুখোমুখি হতে পারে। এই ম্যাচটি ভানকুভারে ২ জুলাই অনুষ্ঠিত হবে।

তবে তৃতীয় স্থানে এখনও অনেক পরিবর্তন আসতে পারে। এমনকি কিছু গ্রুপের এমন অবস্থা- বর্তমানে যারা এক নম্বরে শেষ ম্যাচের পর তারা তিন নম্বরে নেমে যেতে পারে।