গ্রুপসেরার লড়াইয়ে নামছেন এমবাপ্পে-হাল্যান্ড 

চলতি বিশ্বকাপে দুই দলেরই নকআউট নিশ্চিত হয়ে গেছে। তাই কিছুটা নির্ভার থেকেই আজ রাত ১টায় মাঠে নামছে ফ্রান্স ও নরওয়ে। তবে দুই দলের সামনে এখন গ্রুপসেরা হওয়ার লক্ষ্য। যেখানে সবার চোখ থাকবে টুর্নামেন্টের দুই সেরা গোলদাতা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডের দ্বৈরথে। সব মিলিয়ে শুক্রবার বোস্টনে গ্রুপ ‘আই’-এর ম্যাচটি হতে যাচ্ছে অন্যতম আকর্ষণ।

দুই ম্যাচে চারটি গোল করেছেন এমবাপ্পে ও হাল্যান্ড। নিজেদের দলকে নকআউটে তুলতে বড় ভূমিকা রাখার পাশাপাশি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়েও রয়েছেন তারা। তবে ম্যাচের আগে ফল নিয়ে খুব একটা ভাবছেন না নরওয়ের তারকা স্ট্রাইকার হাল্যান্ড। তিনি বলেছেন, ‘সত্যি বলতে, ফ্রান্স ম্যাচ নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমরা পরের রাউন্ডে উঠেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচের ফল নিয়ে আমার তেমন মাথাব্যথা নেই। সম্ভবত ফ্রান্স আমাদের হারাবে, এমনকি তারাই হয়তো পুরো টুর্নামেন্ট জিতবে।’

কাগজে-কলমে ফ্রান্সই ফেভারিট। তাদের শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে হাল্যান্ডের জন্য কাজটা সহজ হবে না। তবে সুযোগ তৈরি করে গোল করার সামর্থ্যের কারণে তাকে আটকে রাখা সবসময়ই কঠিন। অন্যদিকে ম্যাচের যেকোনো মুহূর্তে গোল করার ক্ষমতা রয়েছে এমবাপ্পেরও। 

দুইজনই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন। তবে পাঁচ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। নকআউট পর্ব শুরুর আগে আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে এমবাপ্পে ও হাল্যান্ডের সামনে।

এদিকে, ব্যক্তিগত শোকের কারণে এই ম্যাচে দলের সঙ্গে থাকছেন না ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। তার মায়ের মৃত্যুতে শেষকৃত্যে অংশ নিতে দেশে ফিরেছেন তিনি।