বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার মুখোমুখি হওয়ার আগেই শেষ ৩২–এ জায়গা নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। দুই ম্যাচ শেষে ‘থ্রি লায়ন্সদের’ সংগ্রহ ৪ পয়েন্ট। ফলে আটটি সেরা তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে অন্তত নকআউট পর্বে ওঠা নিশ্চিত তাদের।
বর্তমানে আরও চারটি দলেরও পয়েন্ট ৪— সুইডেন, ইকুয়েডর, বসনিয়া-হার্জেগোভিনা ও প্যারাগুয়ে। তবে ইংল্যান্ডের গ্রুপসহ এখনও চারটি গ্রুপের খেলা বাকি রয়েছে। শনিবার স্পেনের কাছে উরুগুয়ের হারের পরই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় ইংল্যান্ডের শেষ ৩২–এ ওঠা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের। আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ পানামা। এই ম্যাচে জিতে গ্রুপ সেরা হওয়ার সুযোগ আছে থমাস টুখেলের দলের।
অপরদিকে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ঘানার পয়েন্টও ৪। মূলত গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে তারা। আজ রাতে আফ্রিকান দলটির প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই ম্যাচে ড্র করলে ক্রোয়েশিয়াও সহজে পৌঁছে যাবে নকআউটে। আর টানা দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিয়েছে পানামা।
ইংল্যান্ডের একাদশে চমক, ফেরানো হলো রোটেশন
রিস জেমস ইনজুরির কারণে ছিটকে গেছেন এবং নকআউট পর্বেও তার খেলা অনিশ্চিত। পানামার বিপক্ষে অন্য পরিবর্তনগুলো স্কোয়াড রোটেশনের অংশ— বুকায়ো সাকা, মার্কাস র্যাশফোর্ড ও এলিয়ট অ্যান্ডারসন ফিরছেন একাদশে।
ক্রোয়েশিয়ার একাদশে সেরি আ-র প্রভাব
লুকা মদরিচ, মার্টিন বাতুরিনা, নিকোলা ভ্লাসিচ, পেতার সুচিচ ও মারিন পোঙ্গরাচিচ— পাঁচজনই সেরি আ-র প্রতিনিধি ক্রোয়েশিয়ার শুরুর একাদশে।
ক্রোয়েশিয়া একাদশ: লিভাকোভিচ; স্তানিসিচ, সুতালো, পোঙ্গরাচিচ, পেরিসিচ; কোভাচিচ, মদরিচ; ভ্লাসিচ, সুচিচ, বাতুরিনা; বুদিমির
ঘানা একাদশ: আসারে; সেনায়া, আদজেতে, লুকাসেন, মেনসাহ; পার্টে, ওউসু, সিবো; সুলেমানা, আয়েউ, সেমেনিও
আতালান্তার কামালদিন সুলেমানা ঘানার একাদশে থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে ড্রয়ে তিনি বেঞ্চে ছিলেন। আজ ড্র হলেও দুই দলই সরাসরি শেষ ৩২-এ পৌঁছে যাবে।
ইংল্যান্ডের জন্য নির্ভার একটা ম্যাচ, কিন্তু ঘানা-ক্রোয়েশিয়ার জন্য আজকের রাতটা নির্ধারণ করে দিতে পারে গ্রুপ ‘এল’-এর শেষ ছবিটা।