আর্জেন্টিনা দল নক আউট পর্বে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে। প্রতিপক্ষ আফ্রিকার কেপ ভার্দে। এই ম্যাচ নিয়ে লিওনেল স্কালোনি ছক কষছেন। কীভাবে আলোচিত আফ্রিকার দলকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া যায়। আবার নিজেদের খেলার পাশাপাশি অন্য জায়ান্টদের দিকেও চোখে রেখেছেন বিশ্বকাপ জয়ী কোচ। তার দৃষ্টিতে ফ্রান্সক এগিয়ে।
সংবাদ সম্মেলনে স্কালোনিকে বিশ্বকাপের নতুন ফরম্যাট এবং এ পর্যন্ত কোন দলগুলো সবচেয়ে ভালো পারফর্ম করেছে সে বিষয়েও জিজ্ঞাসা করা হয়েছিল। প্রথম বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি না এতে খুব বেশি কিছু বদলেছে। এটা সত্যি যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো বেশ কঠিন এবং পথটা দীর্ঘ।’
এরপর তিনি শিরোপার প্রধান দাবিদারদের তালিকা উল্লেখ করেন, ‘আমি মনে করি ফ্রান্স আজ খুব ভালো করছে, ব্রাজিলও দারুণ ফর্মে আছে। ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকো দারুণ একটি ম্যাচ খেলেছে। কলম্বিয়া খুব ভালো করছে। স্পেন তো স্বাভাবিকভাবেই আছে। পর্তুগাল... ইংল্যান্ড। এগুলো এমন কিছু দল যারা শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকবে। তবে ফ্রান্স যা করেছে তা সত্যিই প্রশংসনীয়। তারা একটি দুর্দান্ত দল।’