মেসির গোলের পর দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়েছে কেপ ভার্দে

বিশ্বকাপে শেষ ৩২ এর ম্যাচে শুরুর দিকে আর্জেন্টিনা দাপট দেখালেও কেপ ভার্দের বিপক্ষে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। তবে তবে প্রথম হাইড্রেশন বিরতির পরই দৃশ্যপটে বদল ঘটে। ২৯ মিনিটে লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একমাত্র সেই গোলে এগিয়ে থেকে তারা বিরতিতে যায়। তবে বিরতি থেকে ফিরেই ৫৯ মিনিটে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরে কেপ ভার্দে। সেই গোলটি করেছেন দেরয় দুয়ার্তে।  

পানি পানের বিরতির পর খেলা শুরু হতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। লিসান্দ্রো মার্তিনেজের লম্বা পাস খুঁজে নেয় লিওনেল মেসিকে। কেপ ভার্দের রক্ষণভাগের ফাঁক গলে দৌড়ে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর চিপ শটে গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করে কাছের পোস্ট ঘেঁষে বল জালে জড়ান মেসি। 

তাতে বিশ্বকাপে টানা ৫ নকআউট ম্যাচে গোলের দেখা পেয়েছেন তিনি। এই ম্যাচে স্কোর করে তার সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়ে গেছেন ২০তম গোলে। 

বিরতির আগে আরও একটি সুযোগ তৈরি করেছিলেন এনজো ফার্নান্দেজ। তার সেই শট দারুণ দক্ষতায় সেভ করেন ভোজিনহা।

বিরতির পর থেকেই আর্জেন্টিনাকে চেপে ধরেছিল কেপ ভার্দে। শেষ পর্যন্ত সেই চাপেরই পুরস্কার পায় তারা। ৫৯ মিনিটে। দ্রুতগতির এক আক্রমণে ডান প্রান্তে ফাঁকা জায়গায় মেন্দেসকে বল বাড়িয়ে দেন মোরেইরা। অধিনায়ক দারুণ এক কাটব্যাকে বক্সের ভেতর খুঁজে নেন দেরয় দুয়ার্তেকে। তবু নিখুঁত শটে লিসান্দ্রো মার্তিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুজনকেই পরাস্ত করে দূরের পোস্ট ঘেঁষে জালে বল জড়ান দুয়ার্তে। যা নতুন করে যোগ করে উত্তেজনা।