৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে  বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিতে গলদঘর্ম হতে হয়েছে স্কালোনির দলকে। দল জিতলেওমাঠের পারফরম্যান্স পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি অধিনায়ক লিওনেল মেসিকে।  

কেপ ভার্দে যে মোটেও সহজ প্রতিপক্ষ ছিল না, তা মনে করিয়ে দিয়ে ম্যাচ শেষে মেসি বলেন, “আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হতে যাচ্ছে; এই দলটি এমনি এমনি স্পেন কিংবা উরুগুয়ের কাছে হারেনি।” 

ম্যাচের শুরুতে মেসির গোলে আর্জেন্টিনা সুবিধাজনক অবস্থানে থাকলেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই পরিস্থিতি ব্যাখ্যা করে মেসি বলেন, “আমরা সবচেয়ে কঠিন কাজটাই করেছিলাম— প্রথম গোলটা পেয়ে যাওয়া। আমরা ভেবেছিলাম এর মাধ্যমে আমরা আমাদের চেনা ছন্দ খুঁজে পাবো এবং কিছুটা নির্ভার হতে পারবো, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, রক্ষণাত্মক হয়ে পড়ি এবং কার্যকরভাবে প্রেসিং করতে পারিনি। ওরা ওদের শক্তিকে কাজে লাগিয়েছে।” 

নকআউটের চাপ প্রসঙ্গে মেসির অকপট বক্তব্য, “আমরা জানতাম এটা কঠিন হবে; এটা একটা নকআউট টুর্নামেন্ট এবং এখানে কেউ আপনাকে কোনও কিছু বিনামূল্যে দেবে না। যদিও আমরা সবসময় দলগুলোর নাম বা খ্যাতি দেখে তাদের অবমূল্যায়ন করি, কিন্তু আমরা জানতাম এই ম্যাচটা মোটেও সহজ হবে না। এই বিশ্বকাপ আপনাকে এটাই শেখাচ্ছে— সবকিছুই খুব সমানে-সমান, খুবই জটিল এবং প্রতিটি ম্যাচই খুব কঠিন হতে যাচ্ছে।” 

ম্যাচে দলের ফুটবলারদের ওপর দিয়ে যাওয়া ধকল এবং পরবর্তী রাউন্ডের আগে দ্রুত ঘুরে দাঁড়ানোর ওপর জোর দিয়ে মেসির কথা, “আজ আমরা বরাবরের মতোই দুর্দান্ত শারীরিক পরিশ্রম করেছি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে তা নিয়ে ভাবা, ইতিবাচক দিকগুলো গ্রহণ করা এবং নেতিবাচক বিষয়গুলো ঠিক করা, যার সংখ্যা আজ অনেক ছিল।”