‘আবোল তাবোল কথায় কান দিই না’

স্পোর্টস ডেস্ক 
২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব। আর্জেন্টিনার হার নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ছড়িয়েছিল নানা গুঞ্জনও। তবে সেসবকে একেবারেই পাত্তা দিচ্ছেন না আর্জেন্টিনা অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো। বরং তার মতে, স্পেনই ছিল শিরোপার যোগ্য দল।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে সাক্ষাৎকারে রোমেরো এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমরা ওইসব আবোল তাবোল কথায় কান দিই না।’ 

ফাইনালে নামার আগে আর্জেন্টিনা যে শারীরিকভাবে বেশ কঠিন সময় পার করেছে, সেটিও জানিয়েছেন রোমেরো। পুরো টুর্নামেন্টেই দলের অনেক খেলোয়াড়কে চোট নিয়ে খেলতে হয়েছে বলে জানান টটেনহ্যামের এই ডিফেন্ডার।

রোমেরোর ভাষায়, ‘ফাইনালে এমন কিছু ঘটেনি। সামাজিক মাধ্যমের কারণে এখন কেউ একটা ফালতু জিনিস পোস্ট করলেই তা ভাইরাল হয়ে যায়। স্পেন দারুণ খেলেছে, আর আমরা তো খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনালে পৌঁছেছিলাম। এটাকে মিরাকল বলা যায় কিনা জানি না, তবে পুরো বিশ্বকাপটাই আমাদের শারীরিকভাবে ভীষণ কঠিন গেছে। আমার মতো দলের অনেকেই কোনোমতে ফিট হয়ে খেলেছে।’

ইনজুরির তালিকাটাও বেশ দীর্ঘ ছিল বলে জানিয়েছেন রোমেরো। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টজুড়েই আমাদের ইনজুরির সঙ্গে লড়তে হয়েছে। আমরা লিয়ান্দ্রো পারেদেসকে পেয়েছি পাঁজরের চোট নিয়ে, যা নিয়ে কেউ কথাই বলে না। আমি নিজে ইংল্যান্ড ম্যাচের পর টেন্ডনের চোটের কারণে অনুশীলনই করতে পারিনি। লিচাও একই অবস্থায় ছিল, মলিও তাই। টাগলিয়াফিকোও কোনোমতে ফিট ছিল। আর দিবু খেলেছে ভাঙা আঙুল নিয়ে। আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম।’ 

সামাজিক মাধ্যমে সমালোচনা কিংবা নানা ধরনের মন্তব্য নিয়েও খুব একটা ভাবতে রাজি নন রোমেরো। নিজের পারফরম্যান্স ও দলের জন্য সর্বোচ্চটা দেওয়াকেই তিনি গুরুত্ব দিচ্ছেন।

‘কী বলা হচ্ছে তাতে আমার কিছু যায় আসে না। যতক্ষণ আমি নিজের কাছে পরিষ্কার আছি এবং শেষ মিনিট পর্যন্ত নিজের সবটুকু দিয়েছি, সেটাই আমাকে স্বস্তি দেয়’, বলেন তিনি।

এরপর সামাজিক মাধ্যমের কনটেন্টনির্ভর সমালোচকদেরও একহাত নেন রোমেরো। তিনি বলেন, ‘মানুষ কী বলছে, কিংবা কোনো পরিচিত ব্যক্তি যে কিনা কনটেন্ট বানাতে চায়, সে বাইরে গিয়ে খেলোয়াড়দের নিয়ে খারাপ কথা বলবে—আমরা ওইসব বাজে জিনিসে কান দিই না। গত ছয়-সাত বছর ধরে এই জাতীয় দলের সঙ্গে থাকার সৌভাগ্য আমার হয়েছে। এই পুরো সময়ে আমরা সবসময় নিজেদের সেরাটাই দিয়েছি।’

বিশ্বকাপের আগে রোমেরোর চোট নিয়েও আর্জেন্টিনা শিবিরে তৈরি হয়েছিল বড় শঙ্কা। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে কোচ লিওনেল স্কালোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

রোমেরো বলেন, ‘সবার আগে আমি স্কালোনিকে ধন্যবাদ জানাই আমাকে দলে রাখার জন্য। কারণ অন্য কোনো কোচ হলে হয়তো শুরুতেই আমাকে বাদ দিয়ে দিতেন। তিনি আমার ওপর ভরসা রেখেছিলেন।’

হাঁটুর চোট পাওয়ার পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় কেঁদে ফেলেছিলেন বলেও জানান এই ডিফেন্ডার। তার ভাষায়, ‘আমার যখন হাঁটুতে চোট লাগে, তখন আমি কেঁদে ফেলেছিলাম। আমার মাথায় প্রথম যে বিষয়টি এসেছিল, তা হলো আমি বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছি। আমার মনে হয়েছিল চোটটা আরও অনেক বেশি গুরুতর। তবে দুই দিন পর যখন স্ক্যান করানো হলো, দেখা গেল সেটি লিগামেন্টের সমস্যা। সবকিছু বিবেচনা করলে আমি শেষ ষোলো বা কোয়ার্টার ফাইনালে ফিট হয়ে উঠতে পারবো।’

শেষ পর্যন্ত চোট সামলে বিশ্বকাপে খেলতে পারাকে নিজের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন রোমেরো। ‘আমি অনেক ভুগেছি, তবে ভাগ্য ভালো যে আমি শেষ পর্যন্ত পেরেছি। দারুণ একটা ঝুঁকি ছিল। তবে আমি আমার স্বপ্ন পূরণ করেছি এবং প্রতিটি ম্যাচেই মনে হয়েছে যে আমি নিজের সেরাটা দিতে পেরেছি। কোচ এবং সতীর্থরা আমার ওপর যে আস্থা রেখেছিল, আমি তার প্রতিদান দিতে পেরেছি’, বলেন তিনি।

তবে ফাইনালের আগে তার শারীরিক অবস্থা যে খুব একটা ভালো ছিল না, সেটিও স্বীকার করেছেন রোমেরো। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর অ্যাকিলিস টেন্ডনে সমস্যা দেখা দিয়েছিল, যা ফাইনাল পর্যন্ত পুরোপুরি সেরে ওঠেনি।

‘ইংল্যান্ড ম্যাচের পর আমার অ্যাকিলিস টেন্ডনে একটা সমস্যা দেখা দেয়, যা আজও আমার সঙ্গে রয়ে গেছে। ফাইনালের আগের প্রায় কোনো দিনই আমি ঠিকমতো অনুশীলন করতে পারিনি। কোনোমতে ব্যথানাশক বড়ি আর ইনজেকশন নিয়ে ফাইনালে নেমেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে আমার শরীর আর একদমই কুলিয়ে উঠছিল না’, বলেন আর্জেন্টাইন অধিনায়ক।

চোট নিয়েও ফাইনালে খেলতে নামার সিদ্ধান্তের পেছনে দলের প্রতি নিজের দায়িত্ববোধের কথাও জানিয়েছেন রোমেরো। তার মতে, ফাইনালের মতো ম্যাচ খেলার সুযোগ সহজে আসে না।

‘এমন পরিস্থিতিতে ফাইনালে নামতে হওয়ায় আমার খুব রাগ হয়েছিল। আপনি তো সবসময়ই খেলতে চাইবেন, একটা ফাইনাল ম্যাচ তো আর ফিরিয়ে দেওয়া যায় না। তবে যদি আমার মনে হতো যে আমি কাউকে আটকাতে পারছি না এবং এর ফলে দলের ক্ষতি হচ্ছে, তবে আমি ঠিকই হাত তুলে সরে দাঁড়াতাম—যাতে আমার চেয়ে ভালো পারফর্ম করতে পারে এমন কোনো সতীর্থ মাঠে নামতে পারে। তবে আমি নিজের মধ্যে খেলার মতো প্রস্তুতি অনুভব করেছিলাম, আর সে কারণেই আমি খেলতে চেয়েছিলাম,’ বলেন রোমেরো।

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় আর্জেন্টাইন পাজ
মেসি-পরবর্তী আর্জেন্টিনার কোচ হয়ে দীর্ঘ মেয়াদে থাকছেন স্ক্যালোনি
যে শর্ত দিয়ে আর্জেন্টিনার কোচ থাকতে রাজি হলেন স্কালোনি
সর্বশেষ খবর
ক্রসফায়ারের ইঙ্গিত: পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি এবং আইনের শাসনের প্রশ্ন 
ক্রসফায়ারের ইঙ্গিত: পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি এবং আইনের শাসনের প্রশ্ন 
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: শেষ বারের মতো সময় পেলো আসামিপক্ষ
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: শেষ বারের মতো সময় পেলো আসামিপক্ষ
রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা
‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?