নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধে ব্রুনো গুইমারেসের পেনাল্টি মিসে ব্রাজিল শুধু এগিয়ে যাওয়ার সুযোগই নষ্ট করেনি। সেটা ভেঙে দিয়েছে ব্রাজিলের চার দশকের এক অনন্য রেকর্ডও।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে নির্ধারিত সময় বা অতিরিক্ত সময়ে ১৯৮৬ সালের পর এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছে সেলেসাওরা।
মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সর্বশেষ পেনাল্টি মিস করেছিল ব্রাজিল। সেই ম্যাচে ফ্রান্সের গোলরক্ষক জোয়েল বাতসকে পরাস্ত করতে পারেননি কিংবদন্তি জিকো।
এরপর থেকে ফুটবলের সবচেয়ে বড় আসরে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে পাওয়া প্রতিটি পেনাল্টিই সফলভাবে কাজে লাগিয়েছিল দক্ষিণ আমেরিকার দলটি। তবে নরওয়ের বিপক্ষে ব্রুনো গুইমারেসের পেনাল্টি মিসে ইতি ঘটেছে টানা চার দশকের সেই দুর্দান্ত ধারাবাহিকতার।