নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে দলের হয়ে দুটি গোলই করেছেন নরওয়ে স্ট্রাইকার আর্লিং হালান্ড।
হালান্ডের স্বপ্নের রাতের এই ম্যাচের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসাও করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফেসবুকে এক পোস্টে হালান্ডের ছবি দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে লিখেছে, এটা শুধু সেই করতে পারতো।
এটার অর্থ দাঁড়ায় নরওয়ে যদি ব্রাজিলকে হারাতে হয় হালান্ডকেই অসাধারণ কিছু করতে হতো। তিনি দুই গোল করে সেটি করে দেখিয়েছেন।
ম্যাচের ৭৯ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের বাঁ প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। এরপর নির্ধারিত ৯০ মিনিটের শেষ মুহূর্তে জোরালো নিচু শটে জোড়া গোল পূরণ করার পাশাপাশি নরওয়ের জয়ও নিশ্চিত করেন তিনি।
অথচ প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, ক্রিস্তোফার আয়ের বক্সের ভেতর মাতেউস কুনহাকে ফাউল করেছেন। এরপর পেনাল্টি পেলেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গুইমারেস।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েও আরেকটি পেনাল্টি পায় ব্রাজিল। এবার স্পটকিক থেকে জাল খুঁজে নেন নেইমার। তবে সেটি আসে খুব দেরিতে। ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হার এড়ানোর জন্য সেই গোল যথেষ্ট ছিল না।







