বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আজ রাত ৩টায় ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে মানসিক লড়াইয়ে যেন একধাপ এগিয়ে থাকতে চাইছেন আর্লিং হাল্যান্ড। নরওয়ের তারকা স্ট্রাইকার একদিকে যেমন নিজের দলের শিরোপা জয়ের সম্ভাবনাকে খুবই কম বলে মন্তব্য করেছেন, তবে পুরো চাপ ইংল্যান্ডের ওপরই বলে মনে করেন তিনি।
কোয়ার্টার-ফাইনালে শনিবার মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে। ম্যাচের আগে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড বলেছেন, বিশ্বকাপ জয়ের সম্ভাবনা তাদের খুবই কম। বরং টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে সব চাপই ইংল্যান্ডের ওপর!
এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচে সাত গোল করে প্রথমবারের মতো নরওয়েকে শেষ আটে তুলতে বড় ভূমিকা রেখেছেন হাল্যান্ড। তবে ঐতিহাসিক শিরোপা জয়ের সম্ভাবনা কতটা—এমন প্রশ্নে আত্মবিশ্বাস দেখানোর বদলে বাস্তবতার কথাই বলেছেন তিনি, ‘এখনও খুবই কম।’
হেসে তিনি আরও বলেছেন, ‘এখানে কয়েকটি পরিষ্কার ফেভারিট দল আছে, ইংল্যান্ড তাদের একটি। আমার মনে হয়, আপনাদের (সাংবাদিকদের) উচিত সব ধরনের চাপ ইংল্যান্ডের খেলোয়াড়দের ওপর দেওয়া।’
ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের জন্ম ইংল্যান্ডের লিডসে। তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তার কাছে আলাদা গুরুত্ব বহন করে, ‘এটি অবশ্যই বিশেষ একটি ম্যাচ। আমার জন্য তো আরও বেশি বিশেষ। কারণ আমি ইংল্যান্ডে খেলি, আমার জন্মও ইংল্যান্ডে। পাশাপাশি ক্লাবের সতীর্থদের বিপক্ষেও খেলতে হবে।’
তিনি যোগ করেন, ‘মজার একটি ম্যাচ হতে যাচ্ছে, আশা করছি দারুণ উপভোগ্য হবে।’